Rajnath Singh

বিদেশি অস্ত্রের উপর নির্ভরতা কাটিয়ে আত্মনির্ভর ভারতের উত্থান, ৩০ বছরের মধ্যে বিশ্বের শীর্ষ অস্ত্র রফতানিকারক হওয়ার দাবি রাজনাথের

শনিবার মহারাষ্ট্রের শিরডিতে একটি গোলাবারুদ উৎপাদন কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে রাজনাথ বলেন, “একসময় যে ভারত বিদেশ থেকে অস্ত্র আমদানি করত, সেই ভারতই এখন আত্মনির্ভরতার পথে দ্রুত এগোচ্ছে।”

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ০২:১৬

একসময় আধুনিক অস্ত্র ও যুদ্ধবিমানের জন্য বিদেশের উপর নির্ভর করতে হতো ভারতকে। কিন্তু সেই পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে বলে দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তাঁর বক্তব্য, আগামী ২৫ থেকে ৩০ বছরের মধ্যেই ভারত বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র রফতানিকারক দেশে পরিণত হবে।

শনিবার মহারাষ্ট্রের শিরডিতে একটি গোলাবারুদ উৎপাদন কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে রাজনাথ বলেন, “একসময় যে ভারত বিদেশ থেকে অস্ত্র আমদানি করত, সেই ভারতই এখন আত্মনির্ভরতার পথে দ্রুত এগোচ্ছে।”

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা রফতানি ৩৮ হাজার ৪২৪ কোটি টাকায় পৌঁছেছে। আগের অর্থবর্ষের তুলনায় যা প্রায় ৬২ শতাংশ বেশি। এই বৃদ্ধিকে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে বড় সাফল্য হিসেবেই তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী।

তিনি জানান, বর্তমানে ভারতের প্রতিরক্ষা উৎপাদনে বেসরকারি সংস্থাগুলির অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। কয়েক বছর আগেও এই ক্ষেত্রে বেসরকারি অংশীদারিত্ব সীমিত ছিল, কিন্তু এখন তা ২৫ থেকে ৩০ শতাংশে পৌঁছেছে। কেন্দ্রের লক্ষ্য ভবিষ্যতে সেই হার ৫০ শতাংশে উন্নীত করা।

রাজনাথ সিংহ-এর কথায়, ‘যে দেশ নিজের অস্ত্র নিজেই তৈরি করে, সেই দেশই নিজের ভবিষ্যৎ নিজে লিখতে পারে।’

তিনি আরও বলেন, কেন্দ্রের ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের ফলে দেশের প্রতিরক্ষা শিল্পে বড় পরিবর্তন এসেছে। এখন বেসরকারি সংস্থাগুলি শুধু যন্ত্রাংশ সরবরাহেই সীমাবদ্ধ নয়, বরং আধুনিক অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।


Share