Accident

রাজস্থানে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে পুণ্যার্থীদের গাড়ির ধাক্কা, মৃত ৯, আহত অন্তত ৬

গুরুতর আহত হয়েছেন অন্তত ৬ জন। শনিবার গভীর রাতে রাজস্থানের কোটার শম্ভুপুরায় কোটা-উদয়পুর হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। হাইওয়ের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে পুণ্যার্থীদের গাড়ি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, রাজস্থান
  • শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৬ ১০:১৫

রাজস্থানে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৯ জনের। মৃতদের প্রত্যেকেই একই পরিবারের সদস্য বলে প্রাথমিক ভাবে জানিয়েছে পুলিশ। গুরুতর আহত হয়েছেন অন্তত ৬ জন। শনিবার গভীর রাতে রাজস্থানের কোটার শম্ভুপুরায় কোটা-উদয়পুর হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। হাইওয়ের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে পুণ্যার্থীদের গাড়ি সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছোয়।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাত প্রায় ২টো নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মহারাষ্ট্রের বাসিন্দা ওই পুণ্যার্থীরা রাজস্থানের খাটুশ্যাম মন্দির দর্শন করে বাড়ি ফিরছিলেন। তাঁদের গাড়িতে মোট ১৬ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। কোটা-উদয়পুর হাইওয়ে দিয়ে মহারাষ্ট্রের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে গাড়িটি ধাক্কা মারে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তাঁরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা ৯ জনকে মৃত ঘোষণা করেন। আহতদের কোটা নিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসার জন্য বিশেষ মেডিকেল টিমও গঠন করা হয়েছে। ঘটনাস্থলে যান পুলিশ সুপার তেজস্বিনী গৌতম।

সূত্রের খবর, মহারাষ্ট্র থেকে মোট ৩৬ জনের একটি দল তিনটি গাড়িতে রাজস্থানের খাটুশ্যাম মন্দির দর্শন করতে এসেছিলেন। তার মধ্যে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘক্ষণ গাড়ি চালানোর জেরে চালকের চোখ লেগে গিয়ে থাকতে পারে। সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা লাগে।

এ বিষয়ে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কালেক্টর রাজেশ জোশি বলেন, ‘‘মর্মান্তিক দুর্ঘটনা। খাটুশ্যামের মন্দির দর্শন করে পুণ্যার্থীরা মহারাষ্ট্রে ফিরছিলেন। তখনই হাইওয়েতে দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’’ আহতদের চিকিৎসার জন্য বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে বলেও জানান তিনি।


Share