Blast

নাশকতার ছক! ভারত-পাক সীমান্তের কাছে রেললাইনে বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা প্যাসেঞ্জার ট্রেন

অনুপগড় ও সুরতগড়ের মাঝে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইন। বিস্ফোরণের ৪৫ মিনিট আগেই ওই পথ দিয়ে গিয়েছিল প্যাসেঞ্জার ট্রেন।

রেললাইনে ফাটল
নিজস্ব সংবাদদাতা, রাজস্থান
  • শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ০৩:৫৬

ভারত-পাক সীমান্তের কাছে রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার ছক! মঙ্গলবার গভীর রাতে রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার অনুপগড় ও সুরতগড়ের মধ্যবর্তী রেলপথে বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণের অভিঘাতে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ওই শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের শব্দ প্রায় ২০০ মিটার দূর থেকেও শোনা যায়। বিস্ফোরণের তীব্রতায় রেললাইনের নীচে বড় গর্ত তৈরি হয়েছে। খবর পেয়ে সন্ত্রাসদমন শাখা, সিআইডি, ডগ স্কোয়াড এবং রেল নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। গোটা এলাকা ঘিরে তল্লাশি ও তদন্ত শুরু হয়।

রেল সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের মাত্র ৪৫ মিনিট আগেই ওই লাইন দিয়ে একটি প্যাসেঞ্জার ট্রেন যাতায়াত করেছিল। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, কয়েক দিন আগে ওই এলাকা থেকে উদ্ধার হওয়া সাড়ে সাত কেজি আরডিএক্সের সঙ্গে এই বিস্ফোরণের কোনও যোগসূত্র নেই বলে জানিয়েছেন পুলিশ সুপার।

তবে প্রাথমিকভাবে তদন্তকারীদের সন্দেহ, রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে বড়সড় নাশকতার পরিকল্পনা করা হয়েছিল। এমনকী, চলন্ত প্যাসেঞ্জার ট্রেনকে লাইনচ্যুত করার ছকও থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে, কী উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে রেল নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসদমন শাখা।


Share