Rahul Gandhi

SIR নিয়ে আন্দোলনের মাঝেই ভিয়েতনাম সফরে রাহুল গাঁধী! কটাক্ষ বিজেপির, পাল্টা আক্রমণ কংগ্রেসের

ভিডিয়োটির সঙ্গে ব্যঙ্গাত্মক মন্তব্যে বিজেপি লেখে, ‘মিথ্যা ছড়াতে ছড়াতে ক্লান্ত হয়ে পড়েছি। কয়েক দিন ভিয়েতনাম ঘুরে আসি, কেউ জানতেও পারবে না!’ এই পোস্টের মাধ্যমে রাহুলের রাজনৈতিক কর্মসূচি ও বিদেশ সফরের সময় নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি শিবির।

রাহুল গাঁধীর ভিয়েতনাম সফর।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৬ ০২:৪৪

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদ-বিক্ষোভের আবহেই কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধীর ভিয়েতনাম সফর নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রাহুলের বিদেশ সফরকে হাতিয়ার করে কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি। পাল্টা বিজেপির বিরুদ্ধে মিথ্যা প্রচার ও অযথা বিতর্ক তৈরির অভিযোগ তুলেছে কংগ্রেস।

বিজেপির দাবি, SIR-সহ বিভিন্ন নির্বাচনী ইস্যুতে আন্দোলন চলাকালীনই বিদেশ সফরে গিয়েছেন রাহুল গাঁধী। সোমবার, ১৯ অক্টোবর, বিজেপির সরকারি X হ্যান্ডলে একটি বিমানের ভিতরের ভিডিয়ো পোস্ট করে তাঁকে কটাক্ষ করা হয়। ভিডিয়োতে এক ব্যক্তিকে বিমানের বিজনেস ক্লাসের আসনে বসে থাকতে দেখা যায়। বিজেপির দাবি, ওই ব্যক্তি রাহুল গাঁধী।

ভিডিয়োটির সঙ্গে ব্যঙ্গাত্মক মন্তব্যে বিজেপি লেখে, ‘মিথ্যা ছড়াতে ছড়াতে ক্লান্ত হয়ে পড়েছি। কয়েক দিন ভিয়েতনাম ঘুরে আসি, কেউ জানতেও পারবে না!’ এই পোস্টের মাধ্যমে রাহুলের রাজনৈতিক কর্মসূচি ও বিদেশ সফরের সময় নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি শিবির। তবে ভিডিয়োটি থেকে স্বাধীনভাবে ওই ব্যক্তির পরিচয় বা তাঁর গন্তব্য নিশ্চিত করা যায়নি।

কংগ্রেসের প্রতিবাদ, SIR নিয়ে সংঘাত অব্যাহত

অন্য দিকে, কংগ্রেস সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ব্যক্তিগত সফরে কয়েক দিনের জন্য ভিয়েতনাম গিয়েছেন রাহুল গাঁধী। তাঁর সফর চার দিনের হতে পারে বলে খবর। তবে এই সফর নিয়ে বিজেপির কটাক্ষের জবাবে কংগ্রেসের বক্তব্য, রাহুলের বিদেশযাত্রাকে অযথা রাজনৈতিক বিতর্কের বিষয় করে তুলছে শাসক দল।

উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলির জোট ‘INDI’। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতেও অংশ নিয়েছেন বিরোধী নেতারা। ভোটার তালিকা থেকে বিরোধী সমর্থকদের নাম বাদ দেওয়া এবং নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছে কংগ্রেস। যদিও এই অভিযোগগুলি নিয়ে রাজনৈতিক বিতর্ক অব্যাহত।

রাহুল গাঁধীর ভিয়েতনাম সফরকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের এই বাক্‌যুদ্ধ জাতীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়িয়েছে। একদিকে বিজেপি তাঁর সফরের সময় নিয়ে প্রশ্ন তুলছে, অন্যদিকে কংগ্রেসের বক্তব্য, নির্বাচনী অনিয়মের অভিযোগ থেকে নজর ঘোরাতেই এই বিতর্ক তৈরি করা হচ্ছে।


Share