BRICS Summit

ব্রিক্‌স সম্মেলনের আগে দিল্লিতে পুতিন, শুক্রবার মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক

শুক্রবার ভোর চারটে নাগাদ দিল্লির পালাম বায়ুসেনা ঘাঁটিতে রুশ প্রেসিডেন্টের বিমান অবতরণ করে। সেখানে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ পুতিন ও তাঁর সফরসঙ্গী প্রতিনিধিদলকে স্বাগত জানান।

ব্রিক্‌স সম্মেলনে যোগ দিতে তিন দিনের ভারত সফরে এলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৫

ব্রিক্‌স সম্মেলনে যোগ দিতে তিন দিনের ভারত সফরে এলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ভোর চারটে নাগাদ দিল্লির পালাম বায়ুসেনা ঘাঁটিতে রুশ প্রেসিডেন্টের বিমান অবতরণ করে। সেখানে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ পুতিন ও তাঁর সফরসঙ্গী প্রতিনিধিদলকে স্বাগত জানান।

শনিবার থেকে নয়াদিল্লির ভারত মণ্ডপমে অষ্টাদশতম ব্রিক্‌স সম্মেলন শুর হচ্ছে।  দু’দিনের এই সম্মেলন চলবে রবিবার পর্যন্ত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি সম্মেলনে যোগ দিচ্ছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধান। সম্মেলন শুরুর আগে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজমাধ্যমে ব্রিক্‌স নিয়ে বার্তা দেন। তিনি লেখেন, “আগামী কয়েকদিন বিশ্বের নানা প্রান্তের রাষ্ট্রপ্রধানেরা ব্রিক্‌স সম্মেলনের জন্য সমবেত হবেন। আমি আশাবাদী যে, এই সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে ইতিবাচক এবং অর্থপূর্ণ আলোচনা হবে। বিশ্বের কল্যাণের বিষয়টিও এখানে স্থান পাবে।”

চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-সহ আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানদের অধিকাংশই শনিবার ভারতে পৌঁছোবেন। তবে তার আগেই শুক্রবার ভারতে এলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার দুপুর সাড়ে তিনটে নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা। সেখানে প্রতিরক্ষা, বিদ্যুৎ, প্রযুক্তি-সহ একাধিক ক্ষেত্রে ভারত ও রাশিয়ার সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হতে পারে।

এর আগে গত ৩১ অগস্ট কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ২৬তম ‘শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন’ (এসসিও)-এর শীর্ষ সম্মেলনের পার্শ্ববৈঠকে পুতিনের সঙ্গে মোদীর সাক্ষাৎ হয়েছিল। ওই বৈঠকে ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি ব্রিক্‌সের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। বৈঠকের পর মোদী জানিয়েছিলেন, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিক্‌স শীর্ষ সম্মেলনে পুতিনকে স্বাগত জানানোর জন্য ভারত অপেক্ষা করছে।


Share