Terrorism

পঞ্জাবের জলন্ধরে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার, গ্রেফতার বব্বর খালসার এক জঙ্গি, নাশকতার ছক ছিল বলে জানাল পুলিশ

পঞ্জাবের পুলিশের ডিজি গৌরব যাদব জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির সঙ্গে বিদেশে বসে থাকা হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ ছিল। তার নির্দেশে কাজ করছিল। কীভাবে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, আগে ওই হ‍্যান্ডেলার কার সঙ্গে যোগাযোগ করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

জলন্ধরে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক।
নিজস্ব সংবাদদাতা, পঞ্জাব
  • শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৬ ০৯:৫৬

বড়সড় নাশকতার ছক বানচাল করে দিল পঞ্জাব পুলিশ। রাতভর তল্লাশি চালিয়ে পুলিশ বিপুল পরিমান আইইডি বাজেয়াপ্ত করেছে। ঘটনায় এক জঙ্গিকে গ্রেফ করেছে। পুলিশের দাবি, দেশে অস্থিরতা তৈরি করতে জঙ্গি হামলা চালানোর জন‍্য এই বিস্ফোরক মজুত করা হয়েছিল। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে তাঁরা।

ধৃতের নাম সতবীর সিংহ। সতবীর আদমপুরের বাসিন্দা। পঞ্জাব পুলিশের দাবি, সতবীর বব্বর খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই)-এর সঙ্গে যুক্ত। শনিবার রাতভোর পঞ্জাব পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট এবং জলন্ধর গ্রামীণ পুলিশের যৌথ অভিযান চলায়। সেই অভিযানে সতবীরের বাড়ি থেকে এক কেজি ৩০০ উচ্চ ক্ষমতা সম্পন্ন আইইডি উদ্ধার হয়েছে। এ ছাড়াও, তাঁর কাছ থেকে ধারালো পিন এবং বল বিয়ারিং উদ্ধার করা হয়েছে। পুলিশ মনে করছে, এই সমস্ত সরঞ্জাম আইইডিতে ব্যবহার করা হয়। যাতে বিস্ফোরণের পরে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

পঞ্জাবের পুলিশের ডিজি গৌরব যাদব জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির সঙ্গে বিদেশে বসে থাকা হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ ছিল। তার নির্দেশে কাজ করছিল। কীভাবে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, আগে ওই হ‍্যান্ডেলার কার সঙ্গে যোগাযোগ করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তকারীরা মনে করছেন, বব্বর খালসার জঙ্গি সতবীরের সঙ্গে পাকিস্তানের আইএসআইয়ের যোগ রয়েছে। বিদেশ থেকে বসেই জঙ্গি মডিউল চালানো হচ্ছিল। নাশকতা চালানোর জন‍্য পরিকল্পনা করা হচ্ছিল। কোথায় এই আইইডি নিয়ে যাওয়া কথা ছিল, কোথায় সেটাকে বিস্ফোরণ করানোর পরিকল্পনা ছিল— তা জানার চেষ্টা করছে পুলিশ।

পঞ্জাব পুলিশের ডিজি আরও জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সময়মতো পদক্ষেপ করাতেই সম্ভাব্য বড় জঙ্গি হামলা এড়ানো সম্ভব হয়েছে। বিস্ফোরকটি নির্ধারিত লক্ষ্যে পৌঁছোলে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা ছিল। গোটা এলাকায় তল্লাশি চালিয়ে আরও তথ্য সংগ্রহ করা হয়েছে। ঘটনায় পাতারা থানায় বিস্ফোরক আইন, অস্ত্র আইন-সহ ভারতীয় ন‍্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।


Share