Narendra Modi

প্রায় ১৯৪ বছরের 'জোনাথন'-এর সঙ্গে সাক্ষাৎ, সেশেলস সফরে কূটনীতির পাশাপাশি নজর কাড়বে মোদীর এই বিশেষ মুহূর্ত

সেশেলসের জাতীয় বোটানিক্যাল গার্ডেনসেই বাস জোনাথনের। যদিও তার সঠিক বয়সের কোনও তথ্যনিষ্ঠ প্রমাণ নেই, তবুও বিশেষজ্ঞদের মতে, সে নিজের প্রজাতির স্বাভাবিক গড় আয়ুর অনেক বেশি সময় ধরে বেঁচে রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ০৪:৩৫

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৭ থেকে ২৯ জুন সেশেলস সফরে যাচ্ছেন। এই সফরে দ্বিপাক্ষিক বৈঠক ও একাধিক কূটনৈতিক কর্মসূচির পাশাপাশি বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে বিশ্বের অন্যতম দীর্ঘজীবী প্রাণী ‘জোনাথন’-এর সঙ্গে তাঁর সাক্ষাৎ। আলড্যাবরা প্রজাতির এই বিশালাকার কচ্ছপটির আনুমানিক বয়স ১৯৪ বছর।

সেশেলসের জাতীয় বোটানিক্যাল গার্ডেনসেই বাস জোনাথনের। যদিও তার সঠিক বয়সের কোনও তথ্যনিষ্ঠ প্রমাণ নেই, তবুও বিশেষজ্ঞদের মতে, সে নিজের প্রজাতির স্বাভাবিক গড় আয়ুর অনেক বেশি সময় ধরে বেঁচে রয়েছে। ঐতিহ্য সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার বার্তা তুলে ধরতেই এই সাক্ষাৎকে প্রতীকী গুরুত্ব দেওয়া হচ্ছে।

সফরকালে সেশেলসের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। দুই দেশের পারস্পরিক সম্পর্ক, সামুদ্রিক সহযোগিতা এবং বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপনেও অংশ নেবেন মোদী। ওই অনুষ্ঠানে ভারতীয় সেনার একটি বিশেষ দল এবং ভারতীয় নৌসেনার দুটি যুদ্ধজাহাজও অংশ নেবে।

সেশেলসে পৌঁছেই প্রথমে জোনাথনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। এরপর জাতীয় বোটানিক্যাল গার্ডেনে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।

উল্লেখ্য, ২০১৫ সালে শেষবার সেশেলস সফর করেছিলেন নরেন্দ্র মোদী। প্রায় এক দশক পর তাঁর এই সফরকে ভারত-সেশেলস সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহল। তাঁদের মতে, এই সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।


Share