PM Narendra Modi

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে তৎপর কেন্দ্র! জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প শক্তির উৎস খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

সংযুক্ত আরব আমিরাত-সহ চারটি ইউরোপীয় দেশ সফর শেষে দেশে ফিরেই সাড়ে তিন ঘণ্টার দীর্ঘ মন্ত্রীসভার বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২২ মে ২০২৬ ০৪:২৬

পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান সংকট এবং হরমুজ প্রণালী ঘিরে জ্বালানি সরবরাহে সম্ভাব্য বাধার আশঙ্কার মধ্যেই বিকল্প শক্তির উৎস খোঁজার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার মন্ত্রী পরিষদের এক জরুরি বৈঠকে তিনি রান্নার এলপিজির বিকল্প হিসেবে বায়োগ্যাস ব্যবহারের প্রসার বাড়ানোর আহ্বান জানান।

সংযুক্ত আরব আমিরাত-সহ চারটি ইউরোপীয় দেশ সফর শেষে দেশে ফিরেই সাড়ে তিন ঘণ্টার দীর্ঘ মন্ত্রীসভার বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে পশ্চিম এশিয়ার সংঘাত, হরমুজ প্রণালীর পরিস্থিতি এবং তার জেরে সম্ভাব্য জ্বালানি সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে সূত্রের খবর।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘বিকশিত ভারত ২০৪৭’ শুধু সরকারের প্রতিশ্রুতি নয়, এটি দেশের ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার। অতীত নিয়ে আত্মতুষ্টি বা অনুশোচনায় না ভুগে আগামী দিনের লক্ষ্যে কাজ করার জন্যও তিনি মন্ত্রীদের আহ্বান জানান।

সরকারি সংস্কারের গতি আরও বাড়ানোর নির্দেশ দিয়ে মোদী স্পষ্ট করেন, যে কোনও নতুন নীতি বা সংস্কারের মূল লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষের জীবনকে সহজ করা। নাগরিকদের হয়রানি বাড়ায় এমন কোনও পদক্ষেপ এড়ানোর ওপরও তিনি জোর দেন।

বৈঠকে বিদেশ, কৃষি, বন, সড়ক পরিবহণ, কর্পোরেট বিষয়ক, শ্রম, বাণিজ্য এবং বিদ্যুৎ মন্ত্রক নিজেদের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপের উপস্থাপনা করে। পাশাপাশি ক্যাবিনেট সচিব নীতি আয়োগের সহ-সভাপতিও বিভিন্ন প্রশাসনিক সংস্কার নিয়ে বক্তব্য রাখেন।

সূত্রের খবর, গত দু’বছরে নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং জীবনযাত্রার সুবিধা বাড়ানোর উদ্যোগগুলির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মন্ত্রীদের সামনে ফাইল নিষ্পত্তি, জনঅভিযোগ নিষ্পত্তি-সহ একাধিক সূচকে বিভিন্ন মন্ত্রকের কর্মক্ষমতার রিপোর্টও তুলে ধরা হয়। সেখানে সেরা পাঁচ এবং সবচেয়ে পিছিয়ে থাকা পাঁচটি মন্ত্রকের তালিকাও প্রকাশ করা হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠকের শুরুতে পাঁচ দেশের সফরের ফলাফল নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর।

উল্লেখ্য, আগামী ৯ জুন এনডিএ-৩ সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি। তার আগে এই বৈঠকে প্রধানমন্ত্রী ফের একবার সরকারের মূলমন্ত্র ‘সংস্কার, কর্মসম্পাদন, রূপান্তর এবং অবহিতকরণ’-এর উপর জোর দেন এবং ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে দ্রুত পদক্ষেপের আহ্বান জানান।


Share