President INDI Block Meet

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, রাত ৮টায় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-সহ ১০ নেতা

নির্বাচন কমিশনকে ঘিরে সংঘাতের আবহে শুক্রবার রাত ৮টায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ইন্ডিয়া ব্লকের ১০ জন নেতা। নজর বিরোধীদের পরবর্তী কর্মসূচিতে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ইন্ডিয়া ব্লকের ১০ জন নেতা। নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ০৫:১৬

নির্বাচন কমিশনকে ঘিরে রাজনৈতিক সংঘাতের আবহেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠকের সময় পেল ইন্ডিয়া ব্লক। শুক্রবার রাত ৮টায় বিরোধী জোটের ১০ জন নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি। সেই প্রতিনিধি দলে থাকছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ শুক্রবার তাঁর ফেসবুক পোস্টে এই খবর জানিয়েছেন। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের লাগাতার চাপের মধ্যে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

রাষ্ট্রপতির কাছে বিরোধীদের দাবি

গত কয়েক দিন ধরেই নির্বাচন কমিশনকে ঘিরে সরব বিরোধী দলগুলি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ক্রমশ সুর চড়াচ্ছে তারা। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিল বিরোধী জোট। সেই আবেদনে সাড়া দিয়ে শুক্রবার রাত ৮টায় বৈঠকের সময় নির্ধারিত হয়েছে। বৃহস্পতিবারই দিল্লি পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন রাষ্ট্রপতির সামনে বিরোধীরা কী বক্তব্য তুলে ধরেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

বৈঠকের সময় নিয়ে কুণালের প্রশ্ন

তবে রাষ্ট্রপতির সাক্ষাতের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, সারাদিন অপেক্ষা করিয়ে রাত ৮টায় সময় দেওয়া হল কেন? এর পিছনে প্রতিবাদের বৈঠকের প্রচার কমানোর উদ্দেশ্য রয়েছে কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

দিল্লি যাত্রা ঘিরেও বিতর্ক

শুধু বৈঠকের সময় নয়, দিল্লি যাত্রা ঘিরেও একাধিক সমস্যার অভিযোগ করেছেন কুণাল। তাঁর ফেসবুক পোস্টে কলকাতা-দিল্লি রাজধানী এক্সপ্রেস বাতিল হওয়ার দাবি করা হয়েছে। পাশাপাশি, কয়েকটি ট্রেনে যাত্রীদের ভোগান্তি এবং দিল্লিতে মেট্রো স্টেশনের গেট বন্ধ থাকার খবর নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। পোস্টে তাঁর মন্তব্য, 'ভয়?'

শনিবার আন্দোলনের ডাক

এদিকে শনিবার দিল্লিতে বড়সড় আন্দোলনের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। বিরোধী দলগুলিও লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। ফলে নির্বাচন কমিশনকে ঘিরে রাজনৈতিক চাপানউতর আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর বিরোধীরা পরবর্তী কী কর্মসূচি ঘোষণা করে, এখন সেদিকেই নজর।


Share