Narendra Modi

জি২০ ঘিরে মোদীর ‘মেগা’ আমেরিকা সফরের সম্ভাবনা! ট্রাম্পের সঙ্গে বৈঠক, কোয়াডের পর কানাডাতেও যেতে পারেন প্রধানমন্ত্রী

সম্মেলনের ফাঁকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে বলেও জল্পনা চলছে। পাশাপাশি, একই সময়ে কানাডা সফর এবং কোয়াড বৈঠক নিয়েও আলোচনা চলছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০৯

ডিসেম্বর মাসে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্লোরিডায় আয়োজিত হতে চলা জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য তাঁর আমেরিকা সফরের সম্ভাবনা রয়েছে। সম্মেলনের ফাঁকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে বলেও জল্পনা চলছে। পাশাপাশি, একই সময়ে কানাডা সফর এবং কোয়াড বৈঠক নিয়েও আলোচনা চলছে।

আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর ফ্লোরিডার ট্রাম্প ন্যাশনাল ডোরাল মায়ামি রিসর্টে জি২০ শীর্ষ সম্মেলন হওয়ার কথা। তবে প্রধানমন্ত্রীর আমেরিকা সফর নিয়ে এখনও নয়াদিল্লির তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, সম্মেলনের সময়সূচি এবং প্রধানমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত হওয়ার পরই এ বিষয়ে সরকারি ভাবে জানানো হতে পারে।

মোদী আমেরিকা সফরে গেলে ট্রাম্পের সঙ্গে প্রস্তাবিত বৈঠকটি কূটনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য সম্পর্ক নিয়ে টানাপোড়েনের আবহে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে। ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্কনীতি তার মধ্যে অন্যতম।

এ ছাড়াও, রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনা নিয়েও ওয়াশিংটনের আপত্তি রয়েছে। এই ইস্যুতে আমেরিকা ভারতীয় পণ্যের উপর উচ্চহারে শুল্ক আরোপের হুমকিও দিয়েছে। ফলে মোদী-ট্রাম্প বৈঠক হলে বাণিজ্য, শুল্কনীতি এবং রুশ তেল কেনার মতো বিষয়গুলি আলোচনায় গুরুত্ব পেতে পারে।

ডিসেম্বরে জি২০ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোর জানিয়েছেন, জি২০ সম্মেলনের সময়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাঁদের সঙ্গে দেখা করতে আগ্রহী, তাঁদের তালিকায় মোদী অন্যতম। সেই সূত্রেই ডিসেম্বরের সম্মেলন ঘিরে মোদীর ওয়াশিংটন সফরের সম্ভাবনা জোরালো হয়েছে। এর আগে গত জুনে মোদী ও ট্রাম্প ফ্রান্সে জি৭ সম্মেলনের ফাঁকে মুখোমুখি হয়েছিলেন। সেই বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি ও প্রযুক্তি-সহ একাধিক দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ভারত-আমেরিকার অন্তর্বর্তী দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির অগ্রগতি নিয়েও দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হয়েছিল।

এ দিকে, ডিসেম্বরেই কোয়াডের নেতাদের বৈঠক আয়োজনের প্রস্তুতিও চলছে বলে জানা যাচ্ছে। ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত এই জোটের শীর্ষ বৈঠক জি২০ সম্মেলনের সময়ের কাছাকাছি হলে মোদীর সফরসূচিতে আরও একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক কর্মসূচি যুক্ত হতে পারে। ফলে ডিসেম্বরের সফর ঘিরে একাধিক বহুপাক্ষিক বৈঠকের সম্ভাবনা তৈরি হচ্ছে।

আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিওর তরফে প্রধানমন্ত্রী মোদীকে আমেরিকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল বলেও জানিয়েছেন সার্জিও গোর। একই সঙ্গে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ বজায় রাখার উপর তিনি জোর দিয়েছেন। ফলে আগামী কয়েক মাসে ভারত-আমেরিকার কূটনৈতিক যোগাযোগ আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

মোদীর সম্ভাব্য ডিসেম্বর সফরের তালিকায় কানাডাও যুক্ত হতে পারে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, তিনি ভারতীয় প্রধানমন্ত্রীকে কানাডায় স্বাগত জানাতে আগ্রহী। নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্নি বলেন, ভারত ও কানাডার মধ্যে বাণিজ্য আলোচনা এগোচ্ছে। পাশাপাশি, বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্কের গুরুত্বের কথাও তিনি উল্লেখ করেন।

ডিসেম্বরে জি২০ সম্মেলনকে ঘিরে মোদীর সম্ভাব্য উত্তর আমেরিকা সফরে একাধিক কূটনৈতিক কর্মসূচি থাকতে পারে। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হলে বাণিজ্য, শুল্ক, জ্বানি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে। তবে মোদীর সফর, ট্রাম্পের সঙ্গে বৈঠক, কোয়াড সম্মেলন বা কানাডা সফর—কোনওটিরই চূড়ান্ত সূচি এখনও সরকারি ভাবে ঘোষণা হয়নি। ফলে ডিসেম্বরের সফরসূচি নিয়ে স্পষ্ট ছবি মিলবে আনুষ্ঠানিক ঘোষণার পরই।


Share