Narendra Modi

‘তথ্যভিত্তিক ও গঠনমূলক আলোচনা হোক’, বাদল অধিবেশনের আগে বিরোধীদের বার্তা মোদীর, ‘৫৬ বছরের তরুণ’ মন্তব্যে নাম না-করে কটাক্ষ রাহুলকে

সোমবার সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দেশের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির কথা তুলে ধরেন। পাশাপাশি, নাম না-করেই বিরোধী নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২০ জুলাই ২০২৬ ০১:৪৫

তথ্যভিত্তিক ও গঠনমূলক আলোচনা হোক- সংসদের বাদল অধিবেশন শুরুর আগে বিরোধী দলগুলির উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দেশের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির কথা তুলে ধরেন। পাশাপাশি, নাম না-করেই বিরোধী নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করেন।

দেশের বেসরকারি মহাকাশ সংস্থা ‘স্কাইরুট অ্যারোস্পেস’-এর সাফল্যের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, সংস্থাটির কর্মীদের অধিকাংশই তরুণ। তাঁর দাবি, “স্কাইরুটে গোটা টিমটার গড় বয়স বড়জোর ২৮।” তার পরেই রাহুলের নাম না-করে তাঁর খোঁচা, “আমি কোনও ৫৬ বছরের তরুণের কথা বলছি না।”

সংসদের বাদল অধিবেশন ঘিরে সরকারকে একাধিক ইস্যুতে চাপে ফেলতে প্রস্তুতি নিচ্ছে বিরোধী শিবির। নিট-সংক্রান্ত বিতর্ক, প্রশ্নফাঁসের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানীতে রাজনৈতিক উত্তাপ আগেই বেড়েছে। সেই আবহে সংসদের ভিতরেও নিট-ইস্যুতে কেন্দ্রকে তীব্রভাবে আক্রমণ করতে পারে বিরোধীরা। পাশাপাশি, বিদ্রোহী তৃণমূল সাংসদদের স্বীকৃতির প্রশ্নেও সরকারপক্ষের সঙ্গে বিরোধীদের সংঘাত আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই পরিস্থিতিতে সোমবার মোদী বলেন, “যেখানে শক্তিশালী যুক্তি থাকে, সেখানে জোরালো তথ্যও থাকে। ঝড়ের প্রয়োজন নেই। প্রতিটি কণ্ঠস্বর যেন (সংসদে) স্থান পায়।” অধিবেশন নিয়ে তাঁর প্রত্যাশার কথা জানিয়ে মোদী বলেন, “বর্ষা এবং বাদল অধিবেশন, দুটোই ফলদায়ক। আর যখন দুটোই ফলদায়ক হয়, তখন তা দেশকে উন্নয়নের পথে নিয়ে যায়। তাই আমরা চাই যে, বাদল অধিবেশন গঠনমূলক এবং ফলদায়ক হোক।”


Share