RBI

আগামী অর্থবর্ষেই বাজারে আসতে পারে প্লাস্টিকের নোট! বড় ইঙ্গিত আরবিআই গভর্নরের, ১০ ও ২০ টাকার নোটে শুরু হবে পাইলট প্রকল্প

বুধবার মুদ্রানীতি কমিটির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে আরবিআই-এর গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, পরীক্ষামূলকভাবে প্লাস্টিকের নোট ব্যবহারের পরিকল্পনা সফল হলে আগামী অর্থবর্ষেই সেগুলি বাজারে চালুর লক্ষ্য রয়েছে।

আরবিআই গর্ভনর সঞ্জয় মালহোত্রা।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৫ আগস্ট ২০২৬ ০৭:২৫

দেশের বাজারে প্লাস্টিকের নোট চালুর সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিল রিজ়ার্ভ ব্যাঙ্ক। বুধবার মুদ্রানীতি কমিটির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে আরবিআই-এর গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, পরীক্ষামূলকভাবে প্লাস্টিকের নোট ব্যবহারের পরিকল্পনা সফল হলে আগামী অর্থবর্ষেই সেগুলি বাজারে চালুর লক্ষ্য রয়েছে। তিনি জানান, পাইলট প্রকল্পের ফলাফল সন্তোষজনক হলে ধাপে ধাপে নতুন ধরনের এই নোট সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে।

এ প্রসঙ্গে সঞ্জয় মালহোত্রা বলেছেন, ‘পরিকল্পনা অনুযায়ী সব কিছু এগোলে আগামী অর্থবর্ষের শুরুতেই এই নোট বাজারে চালুর লক্ষ্য রয়েছে।’

সাধারণ কাগজের নোটের তুলনায় পলিমার বা প্লাস্টিকের নোট অনেক বেশি টেকসই এবং দীর্ঘদিন ব্যবহারযোগ্য। সেই কারণেই বিশেষ করে কম মূল্যমানের নোটের ক্ষেত্রে ধীরে ধীরে পলিমার নোট চালুর পরিকল্পনা করছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

এ প্রসঙ্গে গভর্নর বলেছেন, ‘পলিমার নোটের স্থায়িত্ব অনেক বেশি। বিশেষ করে কম মূল্যমানের নোটের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। কারণ এই নোটগুলির লেনদেনের হার বেশি হওয়ায় এগুলি দ্রুত ক্ষয়ে যায় এবং আয়ুও কম হয়।’

দৈনন্দিন লেনদেনে ১০ টাকা ও ২০ টাকার নোটের ব্যবহার সবচেয়ে বেশি হওয়ায় এগুলি তুলনামূলকভাবে দ্রুত ক্ষয়ে যায়। সেই কারণেই দীর্ঘস্থায়ী বিকল্প হিসেবে পলিমার নোট চালুর পরিকল্পনা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই-এর মতে, পলিমার নোটের আয়ু কাগজের নোটের তুলনায় অনেক বেশি। ফলে বারবার নতুন নোট ছাপানোর প্রয়োজন কমবে, পাশাপাশি মুদ্রণ ব্যয়ও হ্রাস পাবে।

গত মাসেই আরবিআই-এর এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই অনুযায়ী পরীক্ষামূলকভাবে ১০ টাকা ও ২০ টাকার ১০০ কোটি করে পলিমার নোট ছাপানো হবে। পাইলট প্রকল্পের ফল ইতিবাচক হলে ভবিষ্যতে ধাপে ধাপে এই নোট নিয়মিতভাবে বাজারে ছাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরবিআই-এর সহযোগী সংস্থা ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড পরীক্ষামূলকভাবে পলিমার নোট ছাপানোর প্রস্তুতি শুরু করেছে। সেই লক্ষ্যে প্রয়োজনীয় পলিমার সাবস্ট্রেট কেনার জন্য ইতিমধ্যেই টেন্ডারও প্রকাশ করা হয়েছে।

তবে কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়েছে, আপাতত শুধুমাত্র পরীক্ষামূলক ভিত্তিতেই পলিমার নোট চালুর পরিকল্পনা রয়েছে। দেশের প্রচলিত কাগজের নোট সম্পূর্ণ তুলে দিয়ে তার পরিবর্তে পলিমার নোট চালুর কোনও প্রস্তাব বর্তমানে সরকারের বিবেচনায় নেই।


Share