Reserve Bank Of India

এ বার বাজারে আসতে পারে প্লাস্টিকের মতো দেখতে ১০ ও ২০ টাকার নোট! ২০২৭ থেকেই পরীক্ষামূলক ব্যবহার, কী হবে পুরনো নোটের?

পলিমার নামক উপাদানে তৈরি এই নোট চালুর প্রস্তুতি নিচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। মূলত নোটের স্থায়িত্ব বাড়ানো এবং ঘন ঘন নতুন নোট ছাপানোর খরচ কমাতেই এই উদ্যোগ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ১১:০১

দেশে শীঘ্রই দেখা যেতে পারে ১০ ও ২০ টাকার নতুন ধরনের নোট। তবে কাগজের বদলে বিশেষ ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি হবে এই নোটগুলি। পলিমার নামক উপাদানে তৈরি এই নোট চালুর প্রস্তুতি নিচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। মূলত নোটের স্থায়িত্ব বাড়ানো এবং ঘন ঘন নতুন নোট ছাপানোর খরচ কমাতেই এই উদ্যোগ। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আগামী ১ এপ্রিল, ২০২৭ থেকে এই নোটগুলির পরীক্ষামূলক ব্যবহার শুরু হতে পারে। যদিও সাধারণ মানুষের হাতে কবে এই নোট পৌঁছোবে, তা এখনও স্পষ্ট নয়।

কেন প্লাস্টিকের নোট চালুর পরিকল্পনা?

ভারতে সবচেয়ে বেশি ব্যবহৃত নোটগুলির মধ্যে রয়েছে ১০ ও ২০ টাকা। বাজারে কেনাকাটা, বাস-অটো ভাড়া দেওয়া কিংবা ছোটখাটো লেনদেন—প্রায় প্রতিদিনই এই নোটের ব্যবহার হয়। ফলে বারবার হাতবদল হওয়ার কারণে অল্প সময়ের মধ্যেই নোটগুলি ছিঁড়ে যায়, নোংরা হয়ে পড়ে কিংবা ব্যবহারের অযোগ্য হয়ে ওঠে। তখন পুরনো নোটের পরিবর্তে নতুন নোট ছাপাতে হয় RBI-কে। পলিমারের তৈরি নোট তুলনায় অনেক বেশি মজবুত ও দীর্ঘস্থায়ী। ফলে নোটের আয়ু বাড়লে ঘন ঘন নতুন নোট ছাপানোর প্রয়োজনও কমবে বলে মনে করা হচ্ছে।

কত সংখ্যক প্লাস্টিকের নোট ছাপানো হবে?

রিপোর্ট অনুযায়ী, ১০ ও ২০ টাকার পলিমার নোট পরীক্ষার জন্য RBI-এর প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে ১০ টাকা এবং ২০ টাকা—দু'টি মূল্যমানেরই ১০০ কোটি করে নোট তৈরি করা হতে পারে। প্রথমে দেশের বিভিন্ন জায়গায় এই নোটগুলির কার্যকারিতা পরীক্ষা করা হবে। পরীক্ষার ফল ইতিবাচক হলে পরবর্তী সময়ে নিয়মিতভাবে এই নোট চালুর সিদ্ধান্ত নিতে পারে RBI।

কবে থেকে মিলবে নতুন নোট?

সংবাদমাধ্যমের দাবি, ২০২৭ সালের ১ এপ্রিল থেকে নতুন পলিমার নোটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সাধারণ মানুষের জন্য কবে থেকে এই নোট বাজারে ছাড়া হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট কোনও দিনক্ষণ ঘোষণা করা হয়নি। RBI-এর পরিকল্পনা এখনও প্রাথমিক পর্যায়ে থাকায় চূড়ান্ত সময়সূচি নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

পুরনো কাগজের নোট কি বাতিল হয়ে যাবে?

নতুন পলিমার নোট চালু হলেও পুরনো ১০ ও ২০ টাকার কাগজের নোট বাতিল হওয়ার কোনও প্রশ্ন নেই। পরিকল্পনা অনুযায়ী, নতুন নোটগুলি পুরনো নোটের পাশাপাশি বাজারে চলবে। অর্থাৎ, লেনদেন ও কেনাকাটার ক্ষেত্রে দুই ধরনের নোটই বৈধ থাকবে।

কেন বেশি দিন টিকবে পলিমারের নোট?

পলিমার নোটের অন্যতম বৈশিষ্ট্য হল, এগুলি জল ও আর্দ্রতা প্রতিরোধ করতে পারে। সাধারণ কাগজের নোটের তুলনায় সহজে ছিঁড়ে যায় না এবং দীর্ঘদিন ব্যবহার করা সম্ভব। ফলে নোটের স্থায়িত্ব বাড়ার পাশাপাশি ছাপানো ও প্রতিস্থাপনের খরচও কমতে পারে। এখন পরীক্ষামূলক ব্যবহারের ফলাফলের দিকেই নজর।


Share