Ship Attacked

আফ্রিকার শিংয়ে জলদস্যুদের ফের দাপট, দুই জাহাজে বন্দি ২২ ভারতীয়

ভৌগোলিক আকৃতির কারণে ‘হর্ন অফ আফ্রিকা’ বা ‘আফ্রিকার শিং’ নামে পরিচিত এই অঞ্চলে দু’টি পণ্যবাহী জাহাজ হাইজ্যাকের অভিযোগ উঠেছে। দু’টি জাহাজ মিলিয়ে মোট ২২ জন ভারতীয় জাহাজকর্মী ছিলেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, আফ্রিকা
  • শেষ আপডেট: ২১ আগস্ট ২০২৬ ০৯:২৯

লোহিত সাগর ও এডেন উপসাগরের উপকূলবর্তী এলাকায় ফের সক্রিয় জলদস্যুরা। ভৌগোলিক আকৃতির কারণে ‘হর্ন অফ আফ্রিকা’ বা ‘আফ্রিকার শিং’ নামে পরিচিত এই অঞ্চলে দু’টি পণ্যবাহী জাহাজ হাইজ্যাকের অভিযোগ উঠেছে। দু’টি জাহাজ মিলিয়ে মোট ২২ জন ভারতীয় জাহাজকর্মী ছিলেন। তাঁদেরও অন্যান্য নাবিকদের সঙ্গে বন্দি করা হয়েছে বলে খবর।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ইরিত্রিয়ার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার এমটি সিবু ১-এ ছিলেন মোট ২০ জন জাহাজকর্মী। তাঁদের মধ্যে ১৬ জন ভারতীয়। এডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দূরে ছ’জন সশস্ত্র জলদস্যু ট্যাঙ্কারটি হাইজ্যাক করেন বলে জানা গিয়েছে।

সোমবার সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলের কাছে ক্যামেরনের পতাকাবাহী এমভি লুটুফ জাহাজটি জলদস্যুরা হাইজ্যাক করে। জাহাজে থাকা ১০ জন কর্মীর মধ্যে ছ’জন ভারতীয়। হাইজ্যাকের পর জাহাজটিকে নুগাল উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এপি। জানা গিয়েছে, সামরিক সরঞ্জাম নিয়ে জাহাজটি সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি তুর্কি সেনা প্রশিক্ষণকেন্দ্রে যাচ্ছিল।

অন্য দিকে, ইয়েমেন উপকূলের কাছে হাইজ্যাক হওয়া জাহাজটি ঠিক কবে জলদস্যুদের কবলে পড়ে, তা এখনও স্পষ্ট নয়। তবে দু’টি হাইজ্যাকের ঘটনাই বৃহস্পতিবার প্রকাশ্যে আসে। বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর নজরদারি চালানো সংস্থা ডাইরেক্টরেট অফ মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ইয়েমেন উপকূলে হাইজ্যাক হওয়া জাহাজের ২০ জন কর্মীই নিরাপদে রয়েছেন। তবে তাঁদের বর্তমান অবস্থান এবং শারীরিক পরিস্থিতি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য মেলেনি।


Share