Road Accident

বিদায় মুহূর্ত ক্যামেরাবন্দি করতে গিয়ে চিরবিদায়, বিয়েবাড়ির সামনে ভয়াবহ দুর্ঘটনা হরিয়ানায়, প্রাণ হারাল ফটোগ্রাফার

ঘটনায় আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হলেও, এখনও পর্যন্ত অভিযুক্ত চালককে গ্রেফতার করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, হরিয়ানা
  • শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ০৮:৪৯

বিয়েবাড়ির 'বিদায়ী' অনুষ্ঠানের মুহূর্ত ক্যামেরাবন্দি করতে গিয়ে ফোটোগ্রাফার প্রাণ হারালেন।হরিয়ানায় ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিয়ের পরদিন সকালে নবদম্পতির বিদায়ের অনুষ্ঠান চলছিল। বাড়ির সামনে আত্মীয়-পরিজন ও প্রতিবেশীদের ভিড় জমেছিল। সেই সময় ওই ফোটোগ্রাফার অনুষ্ঠানের ভিডিয়ো তুলছিলেন। শট ঠিক করতে গিয়ে তিনি অজান্তেই রাস্তার প্রায় মাঝখানে চলে যান। ঠিক তখনই দ্রুতগতিতে আসা একটি গাড়ি আচমকা তাঁকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় তিনি প্রায় ২৫ মিটার দূরে ছিটকে পড়েন।

প্রত্যক্ষদর্শীদের মতে, শেষ মুহূর্তে পরিস্থিতি বুঝতে পারলেও ওই যুবক সরে যাওয়ার সুযোগ পাননি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার ধাক্কায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা আরও কয়েকজন আহত হয়। তবে তাঁদের আঘাত গুরুতর নয় বলে জানা গিয়েছে। এই ভয়াবহ ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।

ঘটনাটি হরিয়ানার কোন জেলায় ঘটেছে, তা এখনও স্পষ্ট হয়নি। এক সোশাল মিডিয়া ব্যবহারকারী ভিডিওটি ট্যাগ করেছেন হরিয়ানা পুলিশকে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত গাড়িচালককে গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


Share