Petrol & Diesel

সাধারণ গ্রাহকদের জন্য সংরক্ষিত পেট্রল পাম্প, শিল্প ও বাণিজ্যিক সংস্থার জ্বালানি কেনায় কড়া নিষেধাজ্ঞা কেন্দ্রের

এতদিন বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক সংস্থা সাধারণ গ্রাহকদের জন্য নির্ধারিত পাম্প থেকেই বিপুল পরিমাণে জ্বালানি সংগ্রহ করত। নতুন ব্যবস্থায় সেই প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ আনা হবে বলে মনে করা হচ্ছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ০৩:১১

সাধারণ খুচরো গ্রাহকদের জন্য জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার নতুন একটি নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকা অনুযায়ী, শিল্প প্রতিষ্ঠান, বৃহৎ বাণিজ্যিক সংস্থা এবং অন্যান্য বাণিজ্যিক ব্যবহারকারীরা আর সাধারণ খুচরো পেট্রল পাম্প থেকে পেট্রল বা ডিজেল কিনতে পারবেন না। তাদের প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে হবে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির নির্দিষ্ট পাইকারি বিপণন কেন্দ্র বা হোলসেল ডিপো থেকে।

কেন্দ্রের দাবি, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল জ্বালানির অপব্যবহার ও কালোবাজারি রোধ করা। এতদিন বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক সংস্থা সাধারণ গ্রাহকদের জন্য নির্ধারিত পাম্প থেকেই বিপুল পরিমাণে জ্বালানি সংগ্রহ করত। নতুন ব্যবস্থায় সেই প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ আনা হবে বলে মনে করা হচ্ছে।

সরকারি সূত্রের মতে, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের মূল্যবৃদ্ধির ফলে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির উপর আর্থিক চাপ বেড়েছে। সাধারণ গ্রাহকদের স্বার্থে তুলনামূলক কম দামে জ্বালানি সরবরাহ করা হলেও বৃহৎ বাণিজ্যিক সংস্থাগুলিও সেই সুবিধা গ্রহণ করায় লোকসানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছিল। নতুন নিয়ম কার্যকর হলে সেই চাপ কিছুটা কমবে বলে কেন্দ্রের আশা।

বর্তমান হিসাব অনুযায়ী, খুচরো পাম্পে ডিজেলের মূল্য লিটার প্রতি ৯৫ টাকা ২০ পয়সা হলেও, পাইকারি বাজার থেকে একই জ্বালানি কিনতে বাণিজ্যিক ব্যবহারকারীদের লিটার প্রতি ১৩৪ টাকা ৫০ পয়সা পর্যন্ত খরচ হতে পারে। ফলে শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রের জ্বালানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

তবে এই সিদ্ধান্ত ঘিরে ভিন্ন মতও সামনে এসেছে। অর্থনীতি ও জ্বালানি খাতের একাংশের বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে জ্বালানির মূল্যবৃদ্ধি, সরবরাহে নিয়ন্ত্রণ এবং নতুন বিধিনিষেধ দেশের জ্বালানি পরিস্থিতির উপর বাড়তি চাপের ইঙ্গিত বহন করছে। যদিও কেন্দ্র সরকার এ বিষয়ে কোনও সংকটের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।


Share