Cyber Crime

পটনায় রেললাইনের ধার থেকে তরুণীর দেহ উদ্ধার, ‘ডিজিটাল গ্রেফতারি’র ফাঁদে পড়েই কি মৃত্যু?

তাঁকে ‘ডিজিটাল গ্রেফতারি’র ভয় দেখিয়ে কয়েক দফায় প্রায় আড়াই লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। এই প্রতারণার সঙ্গে তরুণীর মৃত্যুর কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, পটনা
  • শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ০১:৩৫

বিহারের পটনায় রেললাইনের ধার থেকে এক তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় রহস্য ঘনীভূত হচ্ছে। তরুণীর মৃত্যু আত্মহত্যা, নাকি এর নেপথ্যে রয়েছে খুনের ঘটনা, তা নিয়ে ধন্দে তদন্তকারীরা। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সম্প্রতি সাইবার অপরাধীদের ফাঁদে পড়েছিলেন ওই তরুণী। তাঁকে ‘ডিজিটাল গ্রেফতারি’র ভয় দেখিয়ে কয়েক দফায় প্রায় আড়াই লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। এই প্রতারণার সঙ্গে তরুণীর মৃত্যুর কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত ৫ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন ওই তরুণী। শুক্রবার পটনার কুমহার রেলস্টেশনের কাছে রেললাইনের ধার থেকে তাঁর দেহ উদ্ধার হয়। তদন্তের স্বার্থে তরুণীর মোবাইল ফোনের তথ্য খতিয়ে দেখেন আধিকারিকেরা। তাতে দেখা যায়, সেপ্টেম্বর মাস থেকে একটি নির্দিষ্ট নম্বর থেকে বার বার ফোন এসেছিল তাঁর কাছে। ওই নম্বরে তরুণীও একাধিক বার ফোন করেছিলেন।

তরুণীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখতে গিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য হাতে আসে তদন্তকারীদের। দেখা যায়, দিল্লি, কেরল ও উত্তরপ্রদেশের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা লেনদেন হয়েছে। তরুণীর কল রেকর্ড পরীক্ষা করে ১০টি সন্দেহভাজন ফোন নম্বরেরও হদিস পেয়েছেন তদন্তকারীরা। প্রাথমিক ভাবে তাঁদের অনুমান, ওই নম্বরগুলির সঙ্গে সাইবার অপরাধীদের যোগ থাকতে পারে। তরুণীর অ্যাকাউন্ট থেকে কয়েক দফায় প্রায় আড়াই লক্ষ টাকা ওই অ্যাকাউন্টগুলিতে পাঠানো হয়েছিল বলেও জানিয়েছে পুলিশ।

তবে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাই কি তরুণীর মৃত্যুর কারণ? তাঁকে কি ক্রমাগত ব্ল্যাকমেল করা হচ্ছিল, কিংবা কোনও ধরনের হুমকি ও মানসিক চাপের মুখে পড়েছিলেন তিনি? এই প্রশ্নগুলির উত্তর খুঁজছেন তদন্তকারীরা। প্রাথমিক ভাবে আত্মহত্যার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তবে মৃত্যুর পিছনে খুনের কোনও যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তরুণীর মৃত্যুর সঙ্গে ‘ডিজিটাল গ্রেফতারি’র প্রতারণার যোগসূত্র রয়েছে কি না, তদন্তের মাধ্যমে তা স্পষ্ট হতে পারে।


Share