Ship Sniking

ওড়িশা উপকূলে ডুবল সিঙ্গাপুরগামী পানামার মালবাহী জাহাজ, ২৪ নাবিকের মধ্যে উদ্ধার মাত্র দু'জন, এখনও নিখোঁজ ২২

তবে এখনও ২২ জন নিখোঁজ। তাঁদের সন্ধানে উদ্ধারকারী দল জোরকদমে তল্লাশি চালাচ্ছে। কী ভাবে এবং কী কারণে জাহাজটি ডুবে গেল, তা এখনও স্পষ্ট নয়।

প্রতিনিধিত্বমূলক ছবি।
নিজস্ব সংবাদদাতা, ওড়িশা
  • শেষ আপডেট: ২৩ আগস্ট ২০২৬ ০১:৪২

ওড়িশা উপকূলে সিঙ্গাপুরগামী পানামার একটি মালবাহী জাহাজ ডুবে গেল। শনিবার সকাল থেকেই স্থলভাগের সঙ্গে জাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাত আটটা নাগাদ শুরু হওয়া উদ্ধার অভিযানে লাইফবোটে থাকা দু’জনের সন্ধান মেলে। তাঁদের উদ্ধার করা হয়েছে। তবে এখনও ২২ জন নিখোঁজ। তাঁদের সন্ধানে উদ্ধারকারী দল জোরকদমে তল্লাশি চালাচ্ছে। কী ভাবে এবং কী কারণে জাহাজটি ডুবে গেল, তা এখনও স্পষ্ট নয়।

পানামার পতাকাবাহী মালবাহী জাহাজ এমভি ওশান উইনার (আইএমও ৯১৪৫৫৩০) ওড়িশা থেকে আকরিক লোহা নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। জাহাজটিতে মোট ২৪ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ২০ জন চিনা নাগরিক, এক জন বাংলাদেশি এবং তিন জন মায়ানমারের বাসিন্দা। পারাদ্বীপ উপকূলে জাহাজটি ডুবে যাওয়ার খবর পাওয়ার পরই ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (আইসিজি) ও নৌসেনা উদ্ধার অভিযানে নামে। এখনও পর্যন্ত মাত্র দু’জন নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ২২ জনের সন্ধানে জোরকদমে তল্লাশি চলছে।

সূত্রের খবর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (আইসিজি) শনিবার বেলা ১১টা ৪৮ মিনিট নাগাদ খবর পায়, ওড়িশা থেকে সিঙ্গাপুরগামী একটি বাণিজ্যিক জাহাজ রওনা হওয়ার পরই তার সঙ্গে স্থলভাগের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। নির্দিষ্ট এলাকায় তখন একটি বাণিজ্যিক জাহাজ ছিল। সেটিকে ঘটনাস্থলের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। রাত আটটা নাগাদ ওই জাহাজের লাইফবোট থেকে দু’জনকে উদ্ধার করা হয়। তাঁরা জীবিত রয়েছেন বলে জানা গেলেও তাঁদের শারীরিক অবস্থা এখনও স্পষ্ট নয়। উদ্ধার হওয়া দু’জনের পরিচয়ও জানা যায়নি। এর পর নিখোঁজ নাবিকদের উদ্ধারে উপকূলরক্ষী বাহিনী আরও তৎপর হয়। পোর্ট ব্লেয়ার থেকে ‘বিজিত’ নামে একটি উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়। পাশাপাশি আইসিজির তরফে ‘বরদ’ এবং ‘আনমোল’ নামে আরও দু’টি জাহাজ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। বাকি নাবিকদের সন্ধানে সারা রাত ধরে তল্লাশি চালানো হলেও এখনও কারও খোঁজ মেলেনি। জাহাজটি কী কারণে ডুবে গেল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার সময় বঙ্গোপসাগরের ওই এলাকায় আবহাওয়ার পরিস্থিতি কেমন ছিল, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।


Share