NCERT

অষ্টম শ্রেণির বই নিষিদ্ধের নির্দেশ, এনসিইআরটি-র বিরুদ্ধে আদালত অবমাননা মামলা

সরকারি তরফে পাঠ্য বিষয় সংশোধনের আশ্বাস দেওয়ার পর এনসিইআরটি বইটির বিক্রি বন্ধ করতে তৎপর হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই যাঁরা বইটি কিনেছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করে কপিগুলি ফেরত দিতে বলা হচ্ছে। তবে এনসিইআরটি-র প্রকাশনা বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও সাড়া মেলেনি।

সুপ্রিম কোর্ট
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৭

বিচারবিভাগের প্রতি অবমাননার অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করে অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞানের একটি পাঠ্যপুস্তক সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। একই সঙ্গে স্কুল শিক্ষা দফতর এবং ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)-এর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে।

সরকারি তরফে পাঠ্য বিষয় সংশোধনের আশ্বাস দেওয়ার পর এনসিইআরটি বইটির বিক্রি বন্ধ করতে তৎপর হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই যাঁরা বইটি কিনেছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করে কপিগুলি ফেরত দিতে বলা হচ্ছে। তবে এনসিইআরটি-র প্রকাশনা বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও সাড়া মেলেনি।

সংবাদমাধ্যম সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রকের নির্দেশেই বইগুলি বাজার থেকে প্রত্যাহার করা হচ্ছে। এখনও পর্যন্ত মোট ৩৮টি কপি বিক্রি হয়েছিল, যার মধ্যে ১৬টি ইতিমধ্যেই ফেরত এসেছে। তিনটি কপি অনলাইনে কেনা হওয়ায় সংশ্লিষ্ট ক্রেতাদের যোগাযোগের তথ্য পাওয়া যায়নি।

সম্প্রতি এনসিইআরটি-র অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞানের বইয়ের ‘সমাজে বিচারব্যবস্থার ভূমিকা’ অধ্যায়ে বিচারব্যবস্থায় ‘দুর্নীতি’র উল্লেখ ঘিরে বিতর্কের সূত্রপাত। ওই অধ্যায়ে বিচারকের স্বল্পতা, জটিল আইনি প্রক্রিয়া এবং পরিকাঠামোর ঘাটতির কারণে বহু মামলা ঝুলে থাকার কথাও বলা হয়েছিল। বিষয়টি সামনে আসতেই শীর্ষ আদালত কড়া প্রতিক্রিয়া জানায়। প্রধান বিচারপতি সূর্য কান্ত মন্তব্য করেন, “উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই বিচারব্যবস্থাকে অবমাননা করা হয়েছে এবং এ ধরনের ঘটনা কোনও ভাবে মেনে নেওয়া সম্ভব নয়।”

বুধবার জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এনসিইআরটি জানায়, সংশ্লিষ্ট ত্রুটি অনিচ্ছাকৃত এবং তার জন্য তারা ক্ষমাপ্রার্থী। তবে বৃহস্পতিবারের শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট করে দেন, “এই ক্ষমা প্রার্থনা আদৌ আন্তরিক, না কি উদ্ভুত পরিস্থিতি থেকে পরিত্রাণের কৌশল, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।”


Share