AQI Index

অক্টোবরেই শীতের কামড় দিল্লিতে! কুয়াশার চাদরে ঢাকল রাজধানী, দৃশ্যমানতা নামল ৫০০ মিটারে, ১৯৫১ সালের পর রেকর্ড ঠান্ডা

অন্য দিকে, দিল্লি বিমানবন্দর সংলগ্ন পালম এলাকায় দৃশ্যমানতা ছিল ৮০০ মিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ১০:৪৯

অক্টোবরের শেষেই রাজধানী দিল্লিতে শীতের আগমনী বার্তা! শনিবার সকাল থেকেই কুয়াশার চাদরে ঢাকল শহরের একাধিক এলাকা। এর জেরে কমে যায় দৃশ্যমানতা। আবহাওয়া দফতর সূত্রে খবর, এ দিন সকালে সফদরজংয়ে দৃশ্যমানতা নেমে আসে ৫০০ মিটারে। অন্য দিকে, দিল্লি বিমানবন্দর সংলগ্ন পালম এলাকায় দৃশ্যমানতা ছিল ৮০০ মিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ঘূর্ণিঝড় অর্ণব ও পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে দিল্লিতে বৃষ্টিও হয়েছে। শুক্রবারের বৃষ্টির জেরে রাজধানীর দূষণ পরিস্থিতিতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বৃষ্টির ফলে বাতাসে ভাসমান ধূলিকণা অনেকটাই ধুয়ে যাওয়ায় একিউআই বা বায়ুর গুণমান সূচক নেমে দাঁড়ায় ৬০-এ। গত চার বছরের মধ্যে অক্টোবর মাসে এটিই দিল্লির সবচেয়ে ভালো বায়ুর গুণমান বলে জানা গিয়েছে।

শুধু দূষণই নয়, বৃষ্টির প্রভাবে এক ধাক্কায় অনেকটা কমেছে তাপমাত্রাও। শুক্রবার সফদরজংয়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাত্র ২০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১০.৩ ডিগ্রি কম। আবহাওয়া সংক্রান্ত পরিসংখ্যান অনুযায়ী, ১৯৫১ সালের পর থেকে অক্টোবর মাসে দিল্লিতে এত কম সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়নি। অক্টোবরের শেষেই এমন আবহাওয়ার পরিবর্তনে রাজধানীতে শীতের আমেজ আরও জোরালো হচ্ছে।


Share