CJP Protest

ককরোচদের কর্মসূচির অনুমতি নেই, কনটপ্লেসে জড়ো হলেই পদক্ষেপ করবে দিল্লি পুলিশ, দু’দিনের জন‍্য সেন্ট্রাল পার্ক বন্ধের নির্দেশ পুরসভার

আদালতে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের আশ্বাস নথিভুক্ত করে বিক্ষোভ বন্ধ করার জন্য নির্দিষ্ট নির্দেশ জারির আবেদন খারিজ করে দেয় আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী ৩ নভেম্বর ধার্য হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ০৮:৫৬

ককরোচদের নেতা অভিজিৎ দিপকের ডাকা বিক্ষোভ কর্মসূচি বন্ধ করার নির্দেশ দিল না দিল্লি হাই কোর্ট। শুক্রবার, ১৬ অক্টোবর দিল্লির কনটপ্লেসের সেন্ট্রাল পার্কে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছেন দিপকে। তবে ওই জমায়েত নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সমস্ত আইনি পদক্ষেপ করা হবে বলে আদালতকে আশ্বাস দিয়েছে দিল্লি পুলিশ।

বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নীতিন ওয়াসুদেও সাম্ব্রে এবং বিচারপতি সঞ্জয় শর্মার বেঞ্চে এই মামলার শুনানি হয়। কনটপ্লেসের পালিকা বাজারের এক লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ী আদালতে আবেদন জানিয়েছিলেন, প্রস্তাবিত বিক্ষোভের জেরে ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের চলাচল ব্যাহত হতে পারে। উৎসবের মরসুমে বারবার জমায়েত ও বন্ধের কারণে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

আদালতে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের আশ্বাস নথিভুক্ত করে বিক্ষোভ বন্ধ করার জন্য নির্দিষ্ট নির্দেশ জারির আবেদন খারিজ করে দেয় আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী ৩ নভেম্বর ধার্য হয়েছে।

সম্প্রতি ককরোচদের দুই নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, তাঁরা যন্তর মন্তরে ঢোকার চেষ্টা করেছিলেন এবং শান্তি বজায় রাখার শর্ত লঙ্ঘন করেছিলেন। পরে তাঁদের পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। এই গ্রেফতারির প্রতিবাদেই জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন দিপকে।

তবে কর্মসূচি ঘিরে প্রশাসনিক চাপও বাড়ছে। দিল্লি পুলিশের দাবি, কনট প্লেস-সহ একাধিক এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে। অনুমতি ছাড়া জমায়েত করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে পুলিশ। পাশাপাশি, ১৬ ও ১৭ অক্টোবর প্রশাসনিক কারণে কনটপ্লেসের সেন্ট্রাল পার্ক সাধারণ মানুষের জন্য বন্ধ রাখার কথা জানিয়েছে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (NDMC)। ফলে শুক্রবারের কর্মসূচি ঘিরে রাজধানীতে উত্তেজনা অব্যাহত।


Share