Union Budget

১ এপ্রিল থেকে নতুন আয়কর আইন কার্যকর, ছোটখাটো কর ফাঁকিতে জরিমানা দিলে শাস্তি নয়, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর নির্মলার

এ বারের বাজেটে মোট কর রাজস্ব ২৮.৭ লক্ষ কোটি টাকা এবং বাজেটের আকার ৫৩.৫ লক্ষ কোটি টাকা অনুমোদন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কোনও বিদেশি সংস্থা ভারতে ক্লাউড ডেটা সেন্টার তৈরি করলে ২০৪৭ সাল পর্যন্ত তাদের কোনও কর দিতে হবে না বলে ঘোষণা করেছেন।

সংসদে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫২

চলতি বছরের ১ এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে নতুন আয়কর আইন। রবিবার সংসদে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটের ভাষণে এমনটাই ঘোষণা করেছেন। নতুন নিয়মে টাকা জমা দিলে আয়কর রিটার্নের সংশোধনের সুযোগ থাকছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। আয়কর রিটার্নে ছোটখাটো ফাঁকি দিলে জেল নয়। সেক্ষেত্রে বাজেটে ১০ শতাংশ জরিমানা দেওয়ার প্রস্তাব রেখেছে কেন্দ্রীয় সরকার।

এ দিনের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, যাঁরা এক এবং দু’নম্বর ফর্মে আয়কর রিটার্ন জমা দেবেন তার শেষ দিন ছিল ৩১ ডিসেম্বর। এ বার তা বেড়ে হল ৩১ মার্চ। যে সমস্ত ব‍্যবসায়ীক প্রতিষ্ঠান এবং ট্রাস্টগুলির আয় আড়াই লক্ষ টাকা বা নীচে বা যারা আয়কর আইনের ১১ এবং ১২ নম্বর ধারায় অধীনস্থ তাদের নন অডিট প্রতিষ্ঠান বলা হয়। সেই সব প্রতিষ্ঠানের আয়কর রিটার্নের শেষ দিন ৩১ অগস্ট ধার্য করা হয়েছে।

অনাবাসী ভারতীয়র থেকে কোনও স্থাবর সম্পত্তি কিনলে ক্রেতাকে টিডিএস (ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স) দিতে হবে। আগে যা বিক্রেতাদের থেকে আদায় করা হত। এ বারের বাজেটে টিসিএসের হার ৫ বা ২০ শতাংশ থেকে ২ শতাংশ করা হয়েছে। এর ফলে বিদেশে চিকিৎসা এবং পড়াশোনার খরচ কমতে চলেছে। এ ছাড়াও, অনাবাসী ভারতীয়দের কাছ থেকে যন্ত্রাংশ ‘বন্ডেড জোন’-এর মাধ্যমে আসে, সে ক্ষেত্রে পাঁচ বছরের আয়করে ছাড় দেওয়া হবে। এই ছাড় মূলত বিদেশি বিনিয়োগকে আরও উৎসাহিত করবে বলে মনে করছে অর্থনীতিবিদেরা।

এ বারের বাজেটে মোট কর রাজস্ব ২৮.৭ লক্ষ কোটি টাকা এবং বাজেটের আকার ৫৩.৫ লক্ষ কোটি টাকা অনুমোদন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কোনও বিদেশি সংস্থা ভারতে ক্লাউড ডেটা সেন্টার তৈরি করলে ২০৪৭ সাল পর্যন্ত তাদের কোনও কর দিতে হবে না বলে ঘোষণা করেছেন। দেশের অর্থনীতি ৭% বেড়েছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।


Share