Nepal Government

৪০ দিন ধরে ধ্বংসস্তূপে তল্লাশি, তবু হদিশ নেই ৫ হাজার ২৮৫ জনের, শেষ পর্যন্ত উদ্ধার অভিযান বন্ধ করল নেপাল

টানা ৪০ দিন ধরে ধ্বংসস্তূপ, কাদামাটি এবং নদীর স্রোতের মধ্যে নিখোঁজদের সন্ধান চালানো হলেও সময়ের সঙ্গে সঙ্গে জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়েছে। এ বার বিপর্যস্ত জনপদকে স্বাভাবিক ছন্দে ফেরানো এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দিকেই নজর দিচ্ছে নেপাল সরকার।

নেপাল বিপর্যয়
নিজস্ব সংবাদদাতা, নেপাল
  • শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ ০৪:৪২

ধ্বংসলীলার ৪০ দিন পেরিয়ে গিয়েছে। এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার ২৮৫ জন। তার মধ্যেই ভয়াবহ হড়পা বান ও ভূমিধসের ঘটনায় নিখোঁজদের সন্ধানে চলা তল্লাশি ও উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিল নেপাল সরকার। টানা ৪০ দিন ধরে ধ্বংসস্তূপ, কাদামাটি এবং নদীর স্রোতের মধ্যে নিখোঁজদের সন্ধান চালানো হলেও সময়ের সঙ্গে সঙ্গে জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়েছে। এ বার বিপর্যস্ত জনপদকে স্বাভাবিক ছন্দে ফেরানো এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দিকেই নজর দিচ্ছে নেপাল সরকার।

প্রশাসনের হিসাব অনুযায়ী, ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে এখনও পর্যন্ত ১ হাজার ৪৫৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৫ হাজার ২৮৫ জন। তাঁদের মধ্যে ১৮৯ জন ভারতীয় নাগরিকও রয়েছেন বলে জানা গিয়েছে। সম্প্রতি কাঠমাণ্ডুতে প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহর নেতৃত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে উদ্ধার অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, ব্যাপক তল্লাশি চালানোর পরও নতুন করে নিখোঁজদের সন্ধান পাওয়ার সম্ভাবনা বর্তমানে অত্যন্ত কম। সেই কারণেই উদ্ধারকার্যের পরিবর্তে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথোরিটি (এনডিআরআরএমএ) এবং বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনকারী বিভিন্ন দলের সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


Share