Nepal Flash Flood

বিদেশি উদ্ধারকারী দলের সাহায্য নিতে নারাজ নেপাল, চায় শুধু আর্থিক সাহায্য, আবেদন খারিজ করে দিল কাঠমান্ডু

বিদেশি উদ্ধারকারী দলকে দেশে ঢুকতে দিতে নারাজ নেপাল। ভারত-সহ একাধিক দেশের উদ্ধারকাজে সাহায্যের প্রস্তাব খারিজ করে স্থানীয় পুলিশ ও সেনাবাহিনীর উপরই ভরসা রাখছে কাঠমান্ডু। তবে বিদেশি ত্রাণ ও আর্থিক সাহায্য নিতে কোনও আপত্তি নেই নেপালের।

বিপর্যস্ত নেপাল
নিজস্ব সংবাদদাতা, নেপাল
  • শেষ আপডেট: ২৮ আগস্ট ২০২৬ ০৩:২৯

বিদেশি উদ্ধারকারী দলকে দেশে ঢুকতে দিতে চায় না নেপাল। ভারত-সহ একাধিক দেশের প্রস্তাব খারিজ করে দিয়েছে কাঠমান্ডু। হড়পা বানে বিধ্বস্ত এলাকায় উদ্ধারকাজ চালাতে স্থানীয় পুলিশ এবং সেনাবাহিনীর ওপরে নেপালের ভরসা রয়েছে। তবে বিদেশি ত্রাণ বা আর্থিক সাহায্যে কোনও আপত্তি নেই। 

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, নেপালে উদ্ধারকাজ চালাতে ভারত সরকার প্রস্তাব দিয়েছিল। শুধু ভারত নয়, চীন, বাংলাদেশ, আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, ইংল্যান্ড উদ্ধারকাজ চালাতে প্রস্তাব দিয়েছিল। তবে তা খারিজ করে দিয়েছে কাঠমান্ডু। নেপালের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী বলেছেন, “বিভিন্ন দেশের সাহায্যের প্রস্তাব স্বাভাবিক। আমাদের উদ্ধারকারীরা কাজ করছেন। এই মুহূর্তে আমাদের বাইরের কোনও সাহায্য দরকার নেই।” সংবাদসংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, উদ্ধারকাজের জন্য আপাতত নেপাল তাদের সেনাবাহিনী, পুলিশ এবং অভ্যন্তরীণ সংস্থাগুলির ওপর আস্থা রেখেছে।

নেপালে বিপর্যয়ের পরেই সেই দেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন্দ্র শাহের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি জানিয়েছিলেন, নেপালকে সব রকমের সাহায্য ভারত করবে। ইতিমধ্যেই সাড়ে ৪৭ টন ত্রাণসামগ্রী নেপালে পাঠানো হয়েছে। বায়ুসেনার বিমানে করে তা পাঠানো হয়েছে। তাতে ওষুধ, কম্বল, সোলার আলো, জেনারেটর, ক‍্যাম্প রয়েছে বলে গতকাল বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন। কিন্তু উদ্ধারকাজে বিদেশের সাহায্য তাঁরা চান না। 

কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় পুলিশ এবং সেনাবাহিনী উদ্ধারকাজে বিদেশি সাহায্য না নেওয়ার জন্য সরকারকে পরামর্শ দিয়েছে। এমন পরিস্থিতিতে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল তা এখনও স্পষ্ট নয়। তবে উদ্ধারকাজে বিদেশি সাহায্য যে নেওয়া হবে না তা নিয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি জারি করেনি। 

বিদেশ থেকে ত্রাণ এবং আর্থিক সাহায্য নিতে তাঁদের কোনও আপত্তি নেই। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলেই সাহায্য পাঠাতে বলা হয়েছে। আমেরিকা এবং ইংল‍্যান্ড ইতিমধ্যেই সাহায্য করেছে। এ ছাড়াও, বিশ্বব‍্যঙ্ক থেকেও নেপালকে সাহায‍্য করা হচ্ছে।


Share