NEET Exam

প্রশ্নফাঁসের পর ফের ২১ জুন রি-নিট পরীক্ষা, বাড়তি সময় ও রাফ ওয়ার্ক পেজে স্বস্তি পরীক্ষার্থীদের

এই রি-নিট পরীক্ষায় রাফ ওয়ার্ক করার পরীক্ষার্থীদের চারটি রাফ ওয়ার্ক পেজ দেওয়া হবে। যাতে তাঁদের অঙ্ক, ডায়াগ্রাম বা অন্যান্য হিসাব-নিকাশ করতে সুবিধা হয়। এ ছাড়া প্রশ্নপত্রের শুরুতেই দু’টি রাফ ওয়ার্ক পেজ রাখা হচ্ছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ০৭:২৭

প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে হয়ে গিয়েছিল নিট পরীক্ষা। সেই নিট পরীক্ষায় ফের অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২১ জুন। এই রি-নিট পরীক্ষার সময়সীমা ১৫ মিনিট বাড়ানো হয়েছে। অর্থাৎ পরীক্ষার মোট সময়সীমা ১৮০ মিনিট থেকে ১৯৫ মিনিট করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। নতুন সূচি অনুযায়ী পরীক্ষা হবে দুপুর দু'টো থেকে বিকেল পাঁচটা ১৫ মিনিট পর্যন্ত।

সূত্রের খবর, যে অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হয়েছে এই সময় মূলত উপস্থিতি পত্রে স্বাক্ষর, পরীক্ষার নিয়ম সংক্রান্ত আনুষ্ঠানিকতা এবং অন্যান্য ইনভিজিলেশন প্রক্রিয়ার জন্য রাখা হয়েছে। এই সময় বাড়ানোর ফলে পরীক্ষার্থীরা তাদের পরীক্ষার সমস্ত সময় ব্যবহার করতে পারবে। তবে শুধুমাত্র সময় বাড়ানোই নয় প্রশ্নপত্রের বুকলেতেও কিছু পরিবর্তন করা হয়েছে। এই রি-নিট পরীক্ষায় রাফ ওয়ার্ক করার পরীক্ষার্থীদের চারটি রাফ ওয়ার্ক পেজ দেওয়া হবে। যাতে তাঁদের অঙ্ক, ডায়াগ্রাম বা অন্যান্য হিসাব-নিকাশ করতে সুবিধা হয়। এ ছাড়া প্রশ্নপত্রের শুরুতেই দু’টি রাফ ওয়ার্ক পেজ রাখা হচ্ছে। বাকি দু’টি থাকবে বুকলেটের শেষে। পরীক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই এই পরিবর্তন করা হয়েছে।

নিট জানিয়েছে, এই পদক্ষেপগুলি গ্রহণ করার উদ্দেশ্য পরীক্ষাকে আরও পরীক্ষার্থী-বান্ধব করা এবং উচ্চমাত্রার নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রেখে পরীক্ষার্থীদের চাপ কিছুটা কমানো।

উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁস-সহ একাধিক অনিয়ম উঠেছিল নিট-ইউজির বিরুদ্ধে। এ সব কারনেই বাতিল করা হয়েছিল এই পরীক্ষা। এ বার কেন্দ্রীয় সরকারের অনুমোদনে আগামী ২১ জুন পুনরায় পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যেই পরীক্ষাকেন্দ্র, প্রশ্নপত্র পরিবহণ এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জোর প্রস্তুতি শুরু হয়েছে। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ও তথ্যপত্রে দেওয়া নির্দেশাবলি ভালো ভাবে পড়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছোনোর পরামর্শ দিয়েছে নিট।


Share