NCPI

আজই জবাব দেওয়ার কথা ছিল, তৈরি হয়নি! স্পিকারের নোটিশে ফের ২ সপ্তাহ সময় চাইবেন এনসিপিআইয়ের ২০ সাংসদ

ফলে কথা দিয়েও নির্ধারিত সময়ের মধ্যে স্পিকারের নোটিশের জবাব দিতে পারছেন না তাঁরা। নতুন করে আরও দু’সপ্তাহ সময় চেয়ে স্পিকারের কাছে আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে।

এনসিপিআই-এর সদস্য।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ ০১:১৩

জবাব প্রস্তুত হয়নি। তাই স্পিকারের নোটিশের জবাব দিতে ফের সময় চাইতে চলেছেন তৃণমূলত্যাগী এনসিপিআইয়ের ২০ সাংসদ। বৃহস্পতিবার, ৮ অক্টোবরই জবাব দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হচ্ছে। কিন্তু তার মধ্যেও সাংসদদের আইনজীবীরা জবাব প্রস্তুত করতে পারেননি। ফলে কথা দিয়েও নির্ধারিত সময়ের মধ্যে স্পিকারের নোটিশের জবাব দিতে পারছেন না তাঁরা। নতুন করে আরও দু’সপ্তাহ সময় চেয়ে স্পিকারের কাছে আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই স্পিকারের কাছে চিঠি এবং ই-মেল পাঠানোর পরিকল্পনা রয়েছে। বুধবার সকালে স্পিকারের সঙ্গে টেলিফোনে কথা বলেন এনসিপিআইয়ের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই সময় তিনি বৃহস্পতিবারের মধ্যেই জবাব দেওয়ার কথা জানিয়েছিলেন। প্রাথমিক ভাবে সুপ্রিম কোর্টের দেওয়া এক মাস সময়ের প্রসঙ্গ তুলে ধরে স্পিকারের কাছেও সময় চাওয়ার পরিকল্পনা ছিল। তবে আইনজীবীরা আশ্বাস দিয়েছিলেন, জবাব দেওয়ার শেষ দিন, অর্থাৎ ৮ অক্টোবরের মধ্যেই ২০ সাংসদের জবাব প্রস্তুত হয়ে যাবে। শেষ মুহূর্তে সেই কাজ সম্পূর্ণ না হওয়ায় ফের সময় চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একদিকে সুপ্রিম কোর্টে মামলা চলছে, অন্যদিকে কোন দলে রয়েছেন—এই প্রশ্নে স্পিকারের নোটিশের জবাব দিতে বারবার সময় চাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এই আবহেই বৃহস্পতিবার বৈঠকে বসছেন এনসিপিআইয়ের ২০ সাংসদ। এই প্রথম কলকাতায় একসঙ্গে বৈঠকে বসতে চলেছেন তাঁরা। বৈঠকে স্পিকারের কাছে সময় চাওয়া, সুপ্রিম কোর্টের মামলার অগ্রগতি এবং পরবর্তী রাজনৈতিক ও আইনি কর্মকৌশল নিয়ে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে।


Share