Mysterious Death

নিখোঁজ হওয়ার ছ'দিন পর উদ্ধার দেহ, ক্যালিফোর্নিয়ায় পড়তে যাওয়া ভারতীয় ছাত্রের দেহ উদ্ধার ঘিরে রহস্য

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বার্কলে হিলসের লেক আনজা-র কাছে তাঁকে শেষবার দেখা গিয়েছিল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে টিলডেন রিজিওনাল পার্কের সামনে থেকে সাকেতের ব্যাগ উদ্ধার করা হয়েছিল। সেখানে তাঁর পাসপোর্ট এবং ল্যাপটপ ছিল।

এও ছাত্রের নিথর দেহ উদ্ধার হয়েছে
নিজস্ব সংবাদদাতা, ক্যালিফোর্নিয়া
  • শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩০

গত ৯ ফেব্রুয়ারী থেকে নিখোঁজ ছিলেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ভারতীয় ছাত্র। সেই ঘটনার ছ'দিন পর সাকেথ শ্রীনিবাসাইয়া-এর দেহ উদ্ধার হল। রবিবার সান ফ্রান্সিসকোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বার্কলে হিলসের লেক আনজা-র কাছে তাঁকে শেষবার দেখা গিয়েছিল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে টিলডেন রিজিওনাল পার্কের সামনে থেকে সাকেতের ব্যাগ উদ্ধার করা হয়েছিল। সেখানে তাঁর পাসপোর্ট এবং ল্যাপটপ ছিল। সাকেতের সন্ধান পেতে তাঁর রুমমেট বিনীত সিং সমাজমাধ্যমে সাহায্যের আবেদন জানিয়েছিলেন। এমনকি কর্ণাটকের মুখ্যসচিব শালিনী রজনীশও ভারতের বিদেশ মন্ত্রকের মাধ্যমে কূটনৈতিক হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করে তাঁর নিথর দেহ উদ্ধার হল।

উল্লেখ্য, সাকেত শ্রীনিবাসাইয়া কর্ণাটকের বাসিন্দা। তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি ২০২৫ সালে আইআইটি মাদ্রাজ থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক পাশ করার পর, উচ্চশিক্ষার জন্য বার্কলেতে কেমিক্যাল অ্যান্ড বায়োমোলিকুলার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিলেন।

এ বিষয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, সাকেথের দেহ উদ্ধারের ঘটনা স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এই ছাত্রের দেহ দ্রুত ভারতে পৌঁছনোর জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে সহায়তা ও সব পদক্ষেপ করা হবে। পরিবারের সঙ্গে কনস্যুলেটের তরফে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সমস্ত সাহায্য তাঁদের করা হবে। তবে সাকেতের মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। স্থানীয় পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।


Share