Fire Incident

চলন্ত কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ আগুন! পাতিয়ালার কাছে দাউদাউ করে জ্বলল পরপর চারটি কামরা, আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের

প্রাণ বাঁচাতে তড়িঘড়ি ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। এখনও পর্যন্ত রেলের তরফে কোনও মৃত্যুর খবর জানানো হয়নি। তবে সংবাদ সংস্থা সূত্রে খবর, এই ঘটনায় অন্তত তিন জন যাত্রী আহত হয়েছেন।

দাউদাউ করে জ্বলছে ট্রেনের চারটি কামরা।
নিজস্ব সংবাদদাতা, পঞ্জাব
  • শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৬ ০৪:০৫

ফের চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড। পঞ্জাব থেকে নিউ জলপাইগুড়িগামী কর্মভূমি এক্সপ্রেসে আগুন লাগার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। শুক্রবার দুপুরে পঞ্জাবের পাতিয়ালার কাছে এই দুর্ঘটনা ঘটে। আগুনের গ্রাসে চলে যায় ট্রেনের একাধিক কামরা। মুহূর্তের মধ্যে গোটা ট্রেন ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রাণ বাঁচাতে যাত্রীরা তড়িঘড়ি ট্রেন থেকে নেমে পড়েন। এখনও পর্যন্ত রেলের তরফে কোনও মৃত্যুর খবর জানানো হয়নি। তবে সংবাদ সংস্থা সূত্রে খবর, এই ঘটনায় অন্তত তিন জন যাত্রী আহত হয়েছেন।

রেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর দেড়টা নাগাদ রাজপুরা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বসন্তপুরা স্টেশনের কাছে চলন্ত কর্মভূমি এক্সপ্রেসে (১২৫০৮) প্রথম আগুন ও কালো ধোঁয়া নজরে আসে। এরপর আগুন দ্রুত একের পর এক কামরায় ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক বুঝে সরাই বাঞ্জারা এলাকার কাছে ট্রেনটি থামানো হয়। আতঙ্কিত যাত্রীরা তড়িঘড়ি কামরা ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তাঁদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে ছুটে আসেন। কিন্তু আগুনের ভয়াবহতা এবং ঘন কালো ধোঁয়ার কারণে ট্রেনের কাছে পৌঁছোনো কার্যত অসম্ভব হয়ে পড়ে।

খবর পেয়েই রেল পুলিশ, স্থানীয় প্রশাসন এবং দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। শুরু হয় আগুন নেভানোর পাশাপাশি যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ। সংবাদ সংস্থা সূত্রে খবর, কর্মভূমি এক্সপ্রেসের চারটি কামরা আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে কীভাবে চলন্ত ট্রেনে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে রেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।


Share