Mother Diary

ফের দুধের দামে বড় ধাক্কা! দিল্লি-এনসিআরে মাদার ডেয়ারির সব ধরনের দুধের দাম বাড়ছে, বৃহস্পতিবার থেকে দিতে হবে অতিরিক্ত টাকা

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, স্থানীয় দুধ বিক্রেতাদের কাছ থেকে দুধ কেনার খরচ সম্প্রতি বেড়েছে। সেই কারণেই খুচরো বাজারে দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৬ ০৫:৩৫

দিল্লি-এনসিআর এলাকায় ফের বাড়তে চলেছে মাদার ডেয়ারির দুধের দাম। বৃহস্পতিবার থেকেই সংস্থার সমস্ত ধরনের দুধের দাম লিটার প্রতি ২ থেকে ৪ টাকা পর্যন্ত বাড়ানো হচ্ছে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, স্থানীয় দুধ বিক্রেতাদের কাছ থেকে দুধ কেনার খরচ সম্প্রতি বেড়েছে। সেই কারণেই খুচরো বাজারে দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই মূল্যবৃদ্ধি নিয়ে এখনও পর্যন্ত সংস্থার আধিকারিকদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

চলতি বছরের ১৪ মে শেষ বার দুধের দাম বাড়িয়েছিল মাদার ডেয়ারি। তার আগে ২০২৫ সালে দাম সংশোধন করা হয়েছিল। এ বার সবচেয়ে বেশি দাম বাড়ছে ফুল ক্রিম দুধের। প্রতি লিটারে ৭২ টাকা থেকে বেড়ে এই দুধের নতুন দাম হচ্ছে ৭৬ টাকা। অন্য দিকে, বেশি পরিমাণে কিনলে টোন্‌ড দুধের প্রতি লিটারের দাম ৫৮ টাকা থেকে বেড়ে হচ্ছে ৬০ টাকা। অল্প পরিমাণে কিনলে ৬০ টাকার পরিবর্তে দিতে হবে ৬২ টাকা। ডবল টোন্‌ড দুধের দামও লিটার প্রতি ৫৪ টাকা থেকে বেড়ে হচ্ছে ৫৬ টাকা।

শুধু দিল্লি-এনসিআর নয়, কর্নাটকেও সম্প্রতি দুধের দাম বেড়েছে। গত ১ নভেম্বর থেকে রাজ্যের প্রধান দুধ সরবরাহকারী সংস্থা নন্দিনির দুধের দাম লিটার প্রতি ৮ টাকা বাড়ানো হয়েছে। কর্নাটক সরকারের বক্তব্য, তীব্র খরার কারণে স্থানীয় দুধ উৎপাদক ও বিক্রেতারা সমস্যায় পড়েছেন। তাঁদের আর্থিক সুরাহা দিতেই এই সিদ্ধান্ত। রাজ্যের কোঅপারেশন মন্ত্রী লক্ষণ সওয়াদির দাবি, দুধের দাম না বাড়ালে স্থানীয় বিক্রেতারা অন্য রাজ্যে দুধ রফতানি করতে বাধ্য হতেন। সে ক্ষেত্রে কর্নাটকে দুধের ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা ছিল। সেই পরিস্থিতি এড়াতেই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


Share