Narendra Modi

খামেনেইয়ের শেষ বিদায়ে থাকছেন না মোদী, ইরানে যাচ্ছে ভারতের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

জানা গিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী মোদীকে শেষকৃত্যে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন।

আয়াতোল্লা আলি খামেনেই।
নিজস্ব সংবাদদাতা, ইরান
  • শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ০৮:৪৮

ইরানের প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্যে যোগ দেবে ভারতের প্রতিনিধি দল। তবে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকছেন না। সরকারি সূত্রের খবর, ভারতের পক্ষ থেকে ইরানের প্রাক্তন রাষ্ট্রনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তেহরানে যাবে।

জানা গিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী মোদীকে শেষকৃত্যে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু বর্তমান আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত কারণে প্রধানমন্ত্রী নিজে না গিয়ে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।

ভারতের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মারঘেরিতা। তাঁর সঙ্গে থাকবেন বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ আতা হাসনাইন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও আমেরিকার যৌথ হামলায় আয়াতোল্লা আলি খামেনেই নিহত হন। যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে দীর্ঘ সময় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা সম্ভব হয়নি। অবশেষে ১০০ দিনেরও বেশি সময় পর আগামী ৪ জুলাই থেকে শেষকৃত্যের ধর্মীয় আচার শুরু হবে। ৯ জুলাই ইরানের মাশহাদ শহরে, তাঁর জন্মস্থানেই তাঁকে সমাহিত করা হবে।

ইরানের প্রশাসনের মতে, দীর্ঘদিন শেষকৃত্য পিছিয়ে দেওয়ার অন্যতম কারণ ছিল নিরাপত্তা উদ্বেগ। আশঙ্কা ছিল, শেষকৃত্যকে কেন্দ্র করে বিপুল জনসমাগম হলে সেখানে ইজরায়েল বা আমেরিকার সম্ভাব্য হামলার ঝুঁকি তৈরি হতে পারে। সেই কারণেই কড়া নিরাপত্তা বলয়ের মধ্যেই পুরো অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।

কূটনৈতিক মহলের মতে, ভারতের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে আমেরিকার সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখা এবং অন্য দিকে ইরানের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখার মধ্যে ভারসাম্য রক্ষার বার্তাই এই প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তে প্রতিফলিত হয়েছে।


Share