Narendra Modi

গত পাঁচ বছরে ৭৭ দেশ সফর, মোদীর বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি! সংসদে জানাল কেন্দ্র

বৃহস্পতিবার বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা সেই প্রশ্নের লিখিত জবাব দেন। তিনি জানান, ২০২১ সালের গোড়া থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৭টি দেশ সফরে মোট ৫৫৭ কোটি ৫১ লক্ষ টাকা ব্যয় হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৭ আগস্ট ২০২৬ ০২:৫১

২০২১ সালের শুরু থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত মোট ৭৭টি দেশ সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছে বিদেশ মন্ত্রক।

গত পাঁচ বছরে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে মোট কত ব্যয় হয়েছে, তা জানতে চেয়ে সিপিএম সাংসদ ভি. শিবদাসন রাজ্যসভায় প্রশ্ন তুলেছিলেন। তিনি হোটেলে থাকা, যাতায়াত, বিভিন্ন কর্মসূচির আয়োজন-সহ সফর সংক্রান্ত বিভিন্ন খাতে ব্যয়ের বিস্তারিত জানতে চান। বৃহস্পতিবার বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা সেই প্রশ্নের লিখিত জবাব দেন। তিনি জানান, ২০২১ সালের গোড়া থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৭টি দেশ সফরে মোট ৫৫৭ কোটি ৫১ লক্ষ টাকা ব্যয় হয়েছে।

এপ্রিল ২০২১ থেকে জুন ২০২৬ পর্যন্ত প্রধানমন্ত্রীর বিদেশ সফর এবং সেইসব সফরের পর স্বাক্ষরিত বিভিন্ন সমঝোতা স্মারক ভারতের আন্তর্জাতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করেছে বলে রাজ্যসভায় ৩৫ পাতার লিখিত জবাবে জানিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী। তাঁর দাবি, এই সময়ে ভারতে এসেছে ৩৮১.৮ বিলিয়ন আমেরিকান ডলার (প্রায় ৩৬ লক্ষ ৩৭ হাজার কোটি টাকা) প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরে ২০২১ সালে ব্যয় হয়েছে ৩৬ কোটি ১০ লক্ষ টাকা, ২০২২ সালে ৫৫ কোটি ৮০ লক্ষ টাকা, ২০২৩ সালে ৯৩ কোটি ৬০ লক্ষ টাকা, ২০২৪ সালে ১০৯ কোটি ৫০ লক্ষ টাকা, ২০২৫ সালে ১৮৭ কোটি ৮০ লক্ষ টাকা এবং ২০২৬ সালের জুলাই পর্যন্ত ৭৪ কোটি ৫০ লক্ষ টাকা।

উল্লেখ্য, গত বছরের মার্চ মাসে কেন্দ্রীয় সরকার সংসদে জানিয়েছিল, ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী মোদী ৩৮টি দেশ সফর করেছেন। ওই সফরগুলিতে মোট সরকারি ব্যয় হয়েছিল প্রায় ২৫৮ কোটি টাকা।


Share