Narendra Modi

'আপনি আমার বড় ভাই', জাপানের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা, জবাবে 'ছোট বোন' বলে সম্বোধন মোদীর, ভারত-জাপান শীর্ষ বৈঠকে নজর কাড়ল উষ্ণ ব্যক্তিগত রসায়ন

বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৬তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচির আন্তরিক সম্পর্ক বিশেষভাবে নজর কেড়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১০:১৭

ভারত ও জাপানের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক এ বার নতুন মাত্রা পেল ব্যক্তিগত সৌহার্দ্যের ছোঁয়ায়। বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৬তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী  এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচির আন্তরিক সম্পর্ক বিশেষভাবে নজর কেড়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী মোদী তাকাচিকে ‘ছোট বোন’ বলে সম্বোধন করেন, যা কূটনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এই প্রসঙ্গ উঠে আসে। কূটনৈতিক সূত্রের দাবি, প্রধানমন্ত্রী তাকাচি আলোচনার সময় জানান যে, প্রয়াত জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবেকে তিনি সবসময় ‘বড় ভাই’ হিসেবে শ্রদ্ধা করতেন। সেই ধারাবাহিকতায় তিনি প্রধানমন্ত্রী মোদীকেও নিজের ‘বড় ভাই’ বলে মনে করেন।

এর জবাবে প্রধানমন্ত্রী মোদী সস্নেহে তাকাচিকে ‘ছোট বোন’ হিসেবে সম্বোধন করেন। পরে যৌথ সাংবাদিক বৈঠকেও তিনি এই সম্পর্কের কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী তাকাচিও বলেন, “আমাদের পূর্ববর্তী বৈঠকেই আমরা ভাই-বোনের সম্পর্ক নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।”

ব্যক্তিগত এই উষ্ণতার পাশাপাশি বৈঠকে ভারত-জাপান সম্পর্কের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হয়। অর্থনৈতিক নিরাপত্তা ও বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তিতে সহযোগিতা, প্রতিরক্ষা ক্ষেত্রে যৌথ উদ্যোগ, জ্বালানি নিরাপত্তা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদারের বিষয়ে উভয় দেশ গুরুত্ব দেয়।

বিশেষজ্ঞদের মতে, দুই প্রধানমন্ত্রীর এই আন্তরিক ব্যক্তিগত সম্পর্ক ভারত-জাপানের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও গভীর হওয়ার ইঙ্গিতও মিলেছে।


Share