Donald Trump

‘মোদী আমার খুব ভাল বন্ধু’, ফের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প, ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে বড় ইঙ্গিত

এ বিষয়ে ট্রাম্প আমেরিকার মোটরসাইকেল নির্মাতা হার্লে-ডেভিডসনের উদাহরণ দেন, যা তিনি প্রায়ই তাঁর মতে অন্যায্য বাণিজ্য বাধার বিষয়টি তুলে ধরতে ব্যবহার করেন।

ডোলান্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী
নিজস্ব সংবাদদাতা, আমেরিকা
  • শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ০২:০৬

নরেন্দ্র মোদীর প্রশংসায় ফের মুখর হলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি আশা প্রকাশ করেন, খুব শীঘ্রই আমেরিকা ও ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে। ট্রাম্প বলেন, ‘‘নরেন্দ্র মোদী আমার ভাল বন্ধু। তাঁর সঙ্গে দৃঢ় সম্পর্ক রয়েছে।’’

উল্লেখ্য, গত বছর অপারেশন সিদুঁরের পর্বে ট্রাম্প দাবি করেছিলেন, বাণিজ্যিক চাপ প্রয়োগ করেই তিনি ভারত-পাকিস্তান সংঘাত প্রশমিত করেছিলেন। যদিও পাকিস্তান সেই দাবি মেনে নিলেও ভারত সরকার তা প্রত্যাখ্যান করে। এরপর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। পাশাপাশি ট্রাম্পের পারস্পরিক শুল্ক নীতি নিয়েও মতপার্থক্য দেখা দিয়েছিল।

এই আবহেই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলার সময়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমরা একটি চুক্তি করব। কারণ, আমি আপনাদের প্রধানমন্ত্রীকে খুব পছন্দ করি। তিনি আমার একজন ভাল বন্ধু, এবং আমাদের মধ্যে ভাল বোঝাপড়া রয়েছে। আমাদের সম্পর্ক ভাল। যদিও পাশাপাশি ভারতের শুল্কব্যবস্থা নিয়ে তাঁর দীর্ঘদিনের অভিযোগের পুনরাবৃত্তিও করেন ট্রাম্প। তাঁর যুক্তি, নয়াদিল্লি বহু বছর ধরে আমেরিকার পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছে, অথচ একই সময়ে আমেরিকার বাজারে অনুকূল প্রবেশাধিকার ভোগ করেছে। এ বিষয়ে ট্রাম্প আমেরিকার মোটরসাইকেল নির্মাতা হার্লে-ডেভিডসনের উদাহরণ দেন, যা তিনি প্রায়ই তাঁর মতে অন্যায্য বাণিজ্য বাধার বিষয়টি তুলে ধরতে ব্যবহার করেন।

ট্রাম্পের দাবি, একসময় সংস্থাটির মোটরসাইকেলের ওপর ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক ধার্য করা হয়েছিল। যদিও বাস্তবে ২০১৮ সালে তিনি প্রথম এই প্রসঙ্গ তোলার সময় শুল্কহার ছিল ১০০ শতাংশ, যা পরে কমানো হয়।


Share