Gang Rape

ফের নাবালিকা গণধর্ষণ উত্তরপ্রদেশে, পুলিশের বিশেষ দল গঠন করে চলছে অভিযুক্তদের তল্লাশি

সেই সময় গ্রামেরই পাঁচ যুবক সেখানে আসেন। অভিযুক্তেরা কিশোরীকে শাসান। তার পর তাঁর মুখ চেপে ধরে তুলে নির্জন জায়গায় নিয়ে যান। সেখানে তাঁকে গণধর্ষণ করা হয়। তার পর অভিযুক্তেরা পালিয়ে যান।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বালিয়া
  • শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:১৮

ফের নাবালিকা ধর্ষণ উত্তরপ্রদেশের বালিয়ায়। এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ পাঁচ যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তদের ধরতে পুলিশের তরফ থেকে বেশ কয়েকটি দল গঠন করা হয়েছে।

নির্যাতিতার বাবার অভিযোগ, গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যাবেলায় কিশোরী বাড়ির কাছেই একটি মাঠে গিয়েছিল। সেই সময় গ্রামেরই পাঁচ যুবক সেখানে আসেন। অভিযুক্তেরা কিশোরীকে শাসান। তার পর তাঁর মুখ চেপে ধরে তুলে নির্জন জায়গায় নিয়ে যান। সেখানে তাঁকে গণধর্ষণ করা হয়। তার পর অভিযুক্তেরা পালিয়ে যান।

তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, সেই ঘটনার পর বাড়িতে কোনও রকমে নির্যাতিতা কিশোরী ফিরে আসে। তাঁকে দেখে সন্দেহ হয় বাড়ির লোকেদের। কী হয়েছে জিজ্ঞাসা করতেই তখন কিশোরী পুরো ঘটনাটি জানায়। এর পরই নির্যাতিতার পরিবার পুলিশের দ্বারস্থ হয়। গ্রামের পাঁচ যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে তারা। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক হিতেশ কুমার জানিয়েছেন, অভিযুক্তদের সকলের বয়স ২০-২৫ বছরের মধ্যে। তাঁরা সকলেই একই গ্রামে থাকেন। বালিয়ার পুলিশ সুপার ওমবীর সিংহ জানিয়েছেন, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। দ্রুত তাঁকে গ্রেফতার করে কঠোর পদক্ষেপ করা হবে।

পাশাপাশি, উত্তরপ্রদেশের বান্দা জেলায় এক দলিত কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। তাঁকে একটি হোটেলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে। তার পর তাকে একটি সেতুর নীচে ফেলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা সকলেই নাবালক। তাদের গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতার বাবার অভিযোগ, কিশোরীকে লক্ষ্য করে কিছু স্প্রে করা হয়েছিল। তার পরই সে জ্ঞান হারায়। তার পর তাকে তুলে নিয়ে যায় তিন জন। একটি হোটেল নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা সকলেই কিশোরীর পরিচিত। গত জানুয়ারিতে এক শিশুকে গণধর্ষণের পর ছাদ থেকে ছুড়ে ফেলার অভিযোগ উঠেছিল রাজ্যের বুলন্দশহরে।


Share