Death

বেঙ্গালুরুতে নির্মীয়মাণ বাড়ি থেকে পড়ে মৃত্যু মালদহের পরিযায়ী শ্রমিকের, শোকাস্তব্ধ নিমবাড়ি এলাকা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দেড় বছর আগে পরিযায়ী শ্রমিক হিসেবে বেঙ্গালুরুতে কাজে গিয়েছিলেন উৎপল। সোমবার তিনি একটি নির্মীয়মাণ বাড়িতে কাজ করার সময় ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বেঙ্গালুরু
  • শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৮

ভিন রাজ্যে কাজে গিয়ে ফের দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পরিযায়ী শ্রমিক। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম উৎপল সরকার (৩৫)। তাঁর বাড়ি হবিরপুর ব্লকের নিমবাড়ি এলাকায়। শুক্রবার বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দেড় বছর আগে পরিযায়ী শ্রমিক হিসেবে বেঙ্গালুরুতে কাজে গিয়েছিলেন উৎপল। সোমবার তিনি একটি নির্মীয়মাণ বাড়িতে কাজ করার সময় ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন। সহকর্মীরা দ্রুত তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার দেহ গ্রামে পৌঁছলে পরিবারের সদস্যরা শেষকৃত্য সম্পন্ন করেন।

পরিবারের দাবি, উৎপলই ছিলেন সংসারের একমাত্র উপার্জনকারী। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। খবর পেয়ে শুক্রবার মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির নির্দেশে দলের হবিবপুর ব্লকের সহ-সভাপতি সৌগত সরকার মৃতের বাড়িতে যান। পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি সরকারি সহায়তার আশ্বাসও দেন তাঁরা। প্রিয়জনের অকাল প্রয়াণে শোকস্তব্ধ পরিবার ও গোটা এলাকা।


Share