IndiGo Flight

মাঝ আকাশে হাইজ্যাকের হুমকি! শৌচাগারে মিলল চিরকুট, ১৭৮ যাত্রী নিয়ে বেঙ্গালুরুতে ফিরল ইন্ডিগোর বিমান

নিরাপত্তার স্বার্থে ১৭৮ জন যাত্রীকে নিয়ে বেঙ্গালুরুতে ফিরে আসতে বাধ্য হল ইন্ডিগোর একটি বিমান। শনিবার বিকেলে বেঙ্গালুরু থেকে লখনউগামী ইন্ডিগোর ওই বিমানে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক।
নিজস্ব সংবাদদাতা, বেঙ্গালুরু
  • শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৬ ১১:৩৩

বিমানের শৌচাগারে মিলল হাতে লেখা হাইজ্যাকের হুমকি। আর সেই চিরকুট ঘিরেই মাঝ আকাশে ছড়াল তীব্র আতঙ্ক। নিরাপত্তার স্বার্থে ১৭৮ জন যাত্রীকে নিয়ে বেঙ্গালুরুতে ফিরে আসতে বাধ্য হল ইন্ডিগোর একটি বিমান। শনিবার বিকেলে বেঙ্গালুরু থেকে লখনউগামী ইন্ডিগোর ওই বিমানে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

জানা গিয়েছে, গত ৭ নভেম্বর বিকেল ৫টা ৫০ মিনিটে ১৭৮ জন যাত্রীকে নিয়ে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লখনউয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইন্ডিগোর 6E 451 বিমানটি। উড়ানের কিছুক্ষণ পর বিমানের শৌচাগারে একটি হাতে লেখা চিরকুট নজরে আসে বিমানকর্মীদের। তাতে লেখা ছিল, 'ঠিক সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এই বিমানটি হাইজ্যাক হতে চলেছে।' এমন হুমকি চিরকুট দেখেই সতর্ক হয়ে যান বিমানকর্মীরা। সঙ্গে সঙ্গে বিষয়টি পাইলট এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।

নিরাপত্তা প্রোটোকল মেনে দ্রুত এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। কোনওরকম ঝুঁকি না নিয়ে বিমানটিকে ফের বেঙ্গালুরু বিমানবন্দরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। বিমানটি অবতরণের পর সমস্ত যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। এরপর নিরাপত্তাকর্মীরা গোটা বিমানে তল্লাশি চালান। পাশাপাশি, কে বা কারা ওই হুমকি চিরকুট লিখে শৌচাগারে রেখে গিয়েছিল, তা জানতে যাত্রীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে বিমানবন্দর পুলিশ।

শনিবার একটি প্রেস বিবৃতি দিয়ে ঘটনার কথা স্বীকার করেছে ইন্ডিগো কর্তৃপক্ষ। সংস্থার মুখপাত্র জানিয়েছেন, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনেই দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছিল। নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকল মেনে প্রয়োজনীয় তল্লাশির জন্য বিমানটিকে যাত্রার উৎসস্থলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন পাইলটরা।

এই ঘটনায় যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করেছে বিমান সংস্থা। তাঁদের জলখাবারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নিয়মিত তথ্য দেওয়া হচ্ছে। ইন্ডিগোর তরফে স্পষ্ট জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পরেই বিমানটি ফের লখনউয়ের উদ্দেশে রওনা দেবে। সংস্থার বক্তব্য, যাত্রী, বিমানকর্মী এবং বিমানের নিরাপত্তাই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।

উল্লেখযোগ্যভাবে, এই ঘটনার ঠিক একদিন আগেই দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর অন্য একটি বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ানের ঠিক আগে বিমানের পিছনের দিকের শৌচাগারে একটি চিরকুট উদ্ধার করেন বিমানকর্মীরা। তাতে যাত্রীদের বিমানযাত্রা না করার সতর্কবার্তা লেখা ছিল। এরপরই বিমানটিকে ফিরিয়ে এনে নিরাপত্তা তল্লাশি চালানো হয়। যদিও পরে সেই হুমকি ভুয়ো বলে প্রমাণিত হয়। সমস্ত প্রক্রিয়া শেষে বিকেল ৫টা নাগাদ বিমানটি ফের যাত্রা শুরু করে এবং সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নিরাপদে চেন্নাইয়ে অবতরণ করে।

পরপর দু’দিনে ইন্ডিগোর দুই বিমানে এভাবে হুমকি চিরকুট উদ্ধারের ঘটনায় বিমান নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


Share