Saurabh Rajput Murder Case

নীল ড্রামে লুকোনো হয়েছিল ১৫ টুকরো দেহ, মার্চেন্ট নেভি অফিসার সৌরভকে খুনে মুস্কান ও সাহিলের মৃত্যুদণ্ড

মেরঠে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে খুন করে দেহ ১৫ টুকরো করে নীল ড্রামে লুকোনোর মামলায় স্ত্রী মুস্কান রস্তোগী ও প্রেমিক সাহিল শুক্লকে মৃত্যুদণ্ড দিল আদালত।

(বাঁ দিক থেকে) সৌরভ রাজপুত, তাঁর স্ত্রী মুস্কান রস্তোগী এবং স্ত্রীর প্রেমিক সাহিল শুক্ল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ০৬:৪৪

মেরঠের মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত হত্যাকাণ্ডে তাঁর স্ত্রী মুস্কান রস্তোগী এবং মুস্কানের প্রেমিক সাহিল শুক্লকে মৃত্যুদণ্ড দিল আদালত। বুধবার এই মামলায় সাজা ঘোষণা করেন মেরঠের জেলা বিচারক অরবিন্দ কুমার মিশ্র। দু’সপ্তাহ আগেই সৌরভকে খুনের ঘটনায় দু’জনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। তদন্তে উঠে আসা নীল ড্রাম, সিমেন্ট এবং একাধিক তথ্যপ্রমাণ এই মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

আদালত সূত্রে জানা গিয়েছে, মামলার শুনানি হয়েছে মোট ১২৬ বার। ২২ জন সাক্ষীর বয়ানও রেকর্ড করা হয়েছে। বিচারকের পর্যবেক্ষণ, সৌরভকে খুনের ষড়যন্ত্র করেছিলেন মুস্কান ও সাহিল। খুনের পর দেহ লোপাটের উদ্দেশ্যে তা টুকরো করে নীল ড্রামে ভরে সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। এই ধরনের অপরাধ বৃহত্তর সমাজে ভীতির সৃষ্টি করে বলে মন্তব্য করেন বিচারক। সেই কারণেই দু’জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশের তদন্ত অনুযায়ী, ২০২৫ সালের ৩ মার্চ মেরঠের ইন্দ্রনগরে নিজের বাড়িতেই খুন হন সৌরভ। প্রথমে তাঁর খাবারে ওষুধ মিশিয়ে অচৈতন্য করা হয়। এরপর বাড়িতে আসেন সাহিল। অভিযোগ, দু’জনে মিলে ছুরি দিয়ে কুপিয়ে সৌরভকে খুন করেন। পরে স্নানঘরে নিয়ে গিয়ে তাঁর দেহ ১৫টি টুকরো করা হয়। সেগুলি একটি বড় নীল প্লাস্টিকের ড্রামে রেখে বালি, জল ও সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়া হয়।

খুনের পর সাহিলের সঙ্গে হিমাচল প্রদেশে বেড়াতে চলে যান মুস্কান। সৌরভের মোবাইল থেকে পরিবারের সদস্যদের মেসেজ পাঠিয়ে জানানো হয়, তিনি ব্যবসার কাজে বাইরে রয়েছেন। ১৭ মার্চ আত্মীয়দের সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। ড্রাম কেটে উদ্ধার করা হয় দেহ। দু’দিনের মধ্যে গ্রেফতার হন মুস্কান ও সাহিল।

তদন্তে স্থানীয় দোকানিদের সাক্ষ্য, মোবাইলের কল রেকর্ড, টাওয়ারের তথ্য এবং হিমাচলের হোটেলে থাকার প্রমাণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ময়নাতদন্তেও ছুরি দিয়ে কুপিয়ে হত্যার বিষয়টি উঠে আসে। ঘটনার প্রায় দেড় বছরের মাথায় এই মামলায় সাজা ঘোষণা করল আদালত।


Share