BJP Reshuffle

সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ সীমিত করতে হবে, সব বিজেপি শাসিত রাজ‍্যের মুখ্যমন্ত্রী-সহ সব নেতাদের নির্দেশ, সাংগঠনিক রদবদলের জল্পনা

এমন পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে সম্ভাব্য দলীয় রদবদলের সময়সূচি ও পরিধি নিয়ে প্রকাশ্যে নীরব থাকলেও বিজেপির অভ্যন্তরে সাংগঠনিক তৎপরতা বেড়েছে। সেই দলীয় রদবদল পশ্চিমবঙ্গেও হতে চলেছে বলে রাজনৈতিক মহলের জল্পনা শুরু হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১১:৩৩

সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ সীমিত রাখতে হবে। অকারণে সংবাদমাধ্যমের সামনে আসা যাবে না। সরকারি সূত্রের দাবি, আগামী কয়েক সপ্তাহের জন‍্য এই নির্দেশ সমস্ত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রবীণ মন্ত্রীদের দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক ভাবে তা জানিয়ে দেওয়া হয়েছে। বিজেপি সূত্রের খবর, এই বার্তাকে সম্ভাব্য সাংগঠনিক স্তরে পরিবর্তন হতে পারে। পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব স্তরে সম্ভাব্য রদবদলের সম্ভাবনা রয়েছে। তার আগে বিজেপির একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিজেপি সূত্রের দাবি, এই পদক্ষেপের মূল লক্ষ্য হল— দলের বার্তায় একতা বজায় রাখা। এমন পরিস্থিতিতে কোনও নীতি বা রাজনৈতিক মন্তব্য আসন্ন সিদ্ধান্তগুলিকে যা প্রভাবিত করতে পারে তা থেকে যাতে বিরত থাকা যায়। এমন অবস্থায় যাতে কোনও রকম জটিলতা তৈরি না হয় তার জন‍্যই এই পদক্ষেপ করা হয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে শাসনব্যবস্থার ভাবমূর্তি এবং নেতৃত্বের ভূমিকা নিয়ে দলীয় স্তরে পুনর্মূল্যায়ন চলছে। আর এই সময়ই এমন পদক্ষেপকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

যদিও এ বিষয়ে কোনও সরকারি নির্দেশ প্রকাশ্যে এখনও আসেনি। তবে রাজ্য স্তরের একাধিক নেতা ইতিমধ্যেই সংবাদ সম্মেলন এবং টেলিভিশন আলোচনায় উপস্থিতি কমিয়ে দিয়েছেন। এই পদক্ষেপ দলের বৃহত্তর কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বিজেপির একাংশের দাবি, সিদ্ধান্তগুলি আনুষ্ঠানিক ভাবে কার্যকর করাই দলের মূল উদ্দেশ্য। দলীয় নেতৃত্বের সম্ভাব্য পরিবর্তন এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল নিয়ে যাতে সমন্বিত ও ঐক্যবদ্ধ বার্তা দেওয়া যায় তার জন‍্য এই সাময়িক ‘সংযমী’ পদক্ষেপ করা হয়েছে।

এমন পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে সম্ভাব্য দলীয় রদবদলের সময়সূচি ও পরিধি নিয়ে প্রকাশ্যে নীরব থাকলেও বিজেপির অভ্যন্তরে সাংগঠনিক তৎপরতা বেড়েছে। সেই রদবদল পশ্চিমবঙ্গেও হতে চলেছে বলে রাজনৈতিক মহলের জল্পনা শুরু হয়েছে।


Share