Fire Incident

রাজস্থানের ভিওয়ান্ডিতে রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৭, জখম অন্তত ১৩

পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, খুশখেদা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ওই কারখানায় শিফ্ট বদলের সময় আচমকা বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা, যা কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যায়। তখন কারখানায় প্রায় ২৫ জন শ্রমিক কাজ করছিলেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, রাজস্থান
  • শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩৯

রাজস্থানের ভিওয়ান্ডিতে সোমবার সকালে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ হয়েছেন আরও ১৩ জন। তাঁরা কোনওভাবে বাইরে বেরোতে সক্ষম হন। কারখানার ভিতরে এখনও কয়েকজন আটকে থাকার আশঙ্কা রয়েছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জখমদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, খুশখেদা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ওই কারখানায় শিফ্ট বদলের সময় আচমকা বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা, যা কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যায়। তখন কারখানায় প্রায় ২৫ জন শ্রমিক কাজ করছিলেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত পৌঁছোয় দমকল ও পুলিশ। খৈরতাল, তিজারা এবং আশপাশের শিল্পাঞ্চল থেকে অন্তত ২০টি দমকল ইঞ্জিন আনা হয়। রাসায়নিক মজুত থাকায় আগুন নেভাতে জল ছাড়াও ফোমও ব্যবহার করা হয়।

সকাল সাড়ে ন'টা নাগাদ আগুন লাগে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলাশাসক সুমিতা মিশ্র। তিনি জানান, ভিওয়ান্ডির অতিরিক্ত জেলাশাসক সুমিতা মিশ্র জানিয়েছেন, ওই কারখানায় বিস্ফোরণের পরে আগুনের লেলিহান শিখা বেরোতে শুরু করে। যা টহলদারি পুলিশের একটি দল দেখতে পায়।

দমকল, মেডিকেল টিম ও প্রশাসনের তৎপরতায় প্রায় দেড় ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে এলেও ভিতরে এখনও পকেট ফায়ার রয়েছে। ঘটনাস্থলে রয়েছেন দমকলের কর্মীরা।

তবে কী ভাবে বিস্ফোরণ ঘটল ও তা থেকে আগুন লাগল তা এখনও নিশ্চিত নয়। কারখানা ও তার লাগোয়া চত্বর সরেজমিন পরিদর্শন করেন তিজারা এলাকার ডেপুটি পুলিশ সুপার শিবরাজ সিং। পুরো ঘটনার তদন্তে রয়েছে ভিওয়ান্ডির পুলিশ সুপার এবং অতিরিক্ত জেলাশাসক।

নিয়ম মেনে কারখানা চলছিল কি না, সেখানে আগুন লাগলে তা নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল কি না, কারখানায় ঢোকা ও বেরনোর সব রাস্তা ফাঁকা ছিল কি না, সবই তদন্ত করে দেখা হচ্ছে।


Share