Fire Incident

বিস্ফোরণের পর ভয়াবহ আগুন! অমরাবতী জেলা হাসপাতালে পুড়ে মৃত্যু তিন সদ্যোজাতের, আশঙ্কাজনক ছ'জন

হাসপাতাল কর্তৃপক্ষ ও দমকল দ্রুত উদ্ধারকাজ শুরু করে। অন্য শিশুদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়ায়।

অমরাবতী জেলা মহিলা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু তিন সদ্যোজাত শিশুর।
নিজস্ব সংবাদদাতা, মহারাষ্ট্র
  • শেষ আপডেট: ২৪ আগস্ট ২০২৬ ০৯:৪৯

মহারাষ্ট্রের অমরাবতীর জেলা মহিলা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল তিন সদ্যোজাত শিশুর। ঘটনায় আরও কয়েক জন আহত হয়েছেন। সোমবার ভোরে হাসপাতালের চতুর্থ তলায় শিশুদের ওয়ার্ডের সামনে একটি ভেন্টিলেটরে বিস্ফোরণের পর আগুন লাগে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে সদ্যোজাতদের বিশেষ ইউনিটে (এসএনসিইউ)।

হাসপাতাল সূত্রে খবর, ঘটনার সময় ওই ওয়ার্ডে মোট ৩৯ জন শিশু চিকিৎসাধীন ছিল। সোমবার ভোর সাড়ে তিনটে নাগাদ আচমকাই ভেন্টিলেটরটি ফেটে যায়। আগুনে তিন নবজাতক গুরুতর ভাবে দগ্ধ হয়। পরে তাদের মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ও দমকল দ্রুত উদ্ধারকাজ শুরু করে। অন্য শিশুদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়ায়। কী ভাবে ভেন্টিলেটরে বিস্ফোরণ ঘটল এবং আগুন লাগার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মীরা দ্রুত শিশুদের ওয়ার্ডের সামনে ছুটে যান। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়। একে একে শিশুদের ওয়ার্ড থেকে বার করে আনার পাশাপাশি চিকিৎসার বিভিন্ন সরঞ্জামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তবে ধোঁয়া ও আগুনের তাপে ছয় শিশুর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। তাদের দ্রুত নিকটবর্তী সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে ডেপুটি কমিশনার-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা ভোরেই হাসপাতালে পৌঁছোন। শুরু হয়েছে তদন্ত। ভেন্টিলেটরে কী ভাবে বিস্ফোরণ ঘটল, সেখান থেকে আগুন কী ভাবে ছড়িয়ে পড়ল এবং ঘটনায় কারও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য অমরাবতীর হাসপাতাল কর্তৃপক্ষ উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। প্রাতিষ্ঠানিক ভাবে কারও গাফিলতি ছিল কি না, কিংবা সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ করা হলে এই বিপর্যয় এড়ানো সম্ভব হত কি না, তদন্তে তা-ও খতিয়ে দেখা হবে।


Share