Accident

তিব্বত সীমান্তে হিমলাং হিমলে ভয়াবহ তুষারধস, নিখোঁজ অন্তত ১০, আটকে পর্বতারোহী-সহ অভিযানের সদস্যরা

রবিবার সকালে তিব্বত সীমান্ত সংলগ্ন মানাং জেলায় সাত হাজার ১২৬ মিটার উচ্চতার হিমলাং হিমল শৃঙ্গের কাছে এই তুষারধস নামে। ঘটনায় অন্তত ১০ জন নিখোঁজ বলে জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম ‘কাঠমান্ডু পোস্ট’।

নেপালে তুষারধস।
নিজস্ব সংবাদদাতা, নেপাল
  • শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০১:৫০

নেপালে তুষারধসের কবলে পর্বতারোহীদের একটি দল। রবিবার সকালে তিব্বত সীমান্ত সংলগ্ন মানাং জেলায় সাত হাজার ১২৬ মিটার উচ্চতার হিমলাং হিমল শৃঙ্গের কাছে এই তুষারধস নামে। ঘটনায় অন্তত ১০ জন নিখোঁজ বলে জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম ‘কাঠমান্ডু পোস্ট’। নিখোঁজদের মধ্যে একাধিক পর্বতারোহী রয়েছেন।

মানাংয়ের হিমলাং হিমল বরাবরই পর্বতারোহীদের কাছে অন্যতম আকর্ষণীয় শৃঙ্গ। এ বারও শৃঙ্গ অভিযানের জন্য বহু পর্বতারোহী বেস ক্যাম্পে জড়ো হয়েছিলেন। রবিবার সকালে আচমকাই বেস ক্যাম্পের কাছাকাছি তুষারধস নামে। তার পর থেকেই ১০ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে শুধু পর্বতারোহীই নন, তাঁদের সঙ্গে থাকা সহকারীরাও রয়েছেন। দু’জন রাঁধুনিরও খোঁজ মিলছে না বলে জানা গিয়েছে। অভিযানের আয়োজকেরা তুষারধসের ঘটনায় নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ‘এক্সপেডিশন অপারেটর্স অ্যাসোসিয়েশন নেপাল’-এর সাধারণ সম্পাদক ঋষি ভান্ডারী জানিয়েছেন, নিখোঁজ ১০ জনের মধ্যে দু’জন ‘ইম্যাজিন নেপাল প্রাইভেট লিমিটেড’-এর এবং আট জন ‘হিমালয়ান হলিডেজ নেপাল’-এর সঙ্গে যুক্ত। নিখোঁজদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।

মানাঙের পরিস্থিতির দিকে নজর রাখছে নেপাল সরকার। দেশের পর্যটন বিভাগের ডিরেক্টর জেনারেল রামকৃষ্ণ লামিছানে জানিয়েছেন, পর্বতারোহীদের উদ্ধারে কাজ শুরু হয়েছে। তাঁরা ঠিক কোন এলাকায় আটকে পড়েছেন, তা চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানা গিয়েছে।

অভিযানের অন্যতম আয়োজক মিংমা গিয়ালজে শেরপা জানিয়েছেন, গত সপ্তাহেই ওই এলাকায় দুর্যোগের পূর্বাভাস জারি করা হয়েছিল। সেই সতর্কবার্তা পাওয়ার পর পর্বতারোহীদের দল এবং তাঁদের সহযোগীদের একটি অংশ নিরাপদ জায়গায় নেমে এসেছিলেন। তবে কয়েক জন স্বেচ্ছায় সেখানেই থেকে গিয়েছিলেন। পরে তাঁরাই দুর্ঘটনার কবলে পড়েন বলে দাবি মিংমার।

হিমলাং হিমল এমনিতেই দুর্গম এলাকা। সেখানে পৌঁছতে বিশেষ অনুমতি প্রয়োজন হয়। তার উপর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে গত কয়েক দিন ধরেই হিমালয় অঞ্চলের আবহাওয়া প্রতিকূল। তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভারী তুষারপাত হচ্ছে। নেপালের বিভিন্ন প্রান্তেও গত শুক্রবার থেকে বৃষ্টি ও তুষারপাতের জেরে জনজীবন ব্যাহত হয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। পর্যটকদের জন্যও সতর্কতা জারি করা হয়েছে। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই হিমলাং হিমলে দুর্ঘটনার ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে।

গত মাসেই নেপালের ভোটেকোশী নদীতে ভয়াবহ হড়পা বানে তছনছ হয়ে গিয়েছিল তিব্বত সীমান্ত লাগোয়া বিস্তীর্ণ এলাকা। সরকারি হিসাবে, এখনও পর্যন্ত ওই বিপর্যয়ে প্রায় এক হাজার ৫০০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন পাঁচ হাজারেরও বেশি মানুষ। নিখোঁজদের মধ্যে বেশ কয়েক জন ভারতীয়ও রয়েছেন। সেই বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই, মাত্র এক মাসের মাথায় মানাঙে ফের বড় প্রাকৃতিক দুর্যোগ—এ বার তুষারধস।


Share