Death Due to Poisonous Drink

বিষমদে মাত্র ৪৮ ঘণ্টায় ১১ জনের মৃত্যু মণিপুরে, হাসপাতালে ৩০০-র বেশি! নড়েচড়ে বসল প্রশাসন

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৩০০-রও বেশি মানুষ। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে রাজ্যজুড়ে। পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়েছে মণিপুর প্রশাসন।

ইম্ফলের হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থদের সঙ্গে কথা বলছেন মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিংহ।
নিজস্ব সংবাদদাতা, মণিপুর
  • শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৬ ১১:৪৭

বিষমদ কাণ্ডে ভয়াবহ পরিস্থিতি মণিপুরে। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে বিষাক্ত মদ খেয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৩০০-রও বেশি মানুষ। এই ঘটনায় রাজ্যজুড়ে উদ্বেগ ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে মণিপুর প্রশাসন তৎপর হয়েছে। অজানা সূত্র থেকে আনা দেশি মদ পান না করার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি কীভাবে ওই মদে বিষাক্ত পদার্থ মিশল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

শুক্রবার অসুস্থদের দেখতে মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিংহ ইম্ফলের দু’টি হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গেও তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী জানান, চিকিৎসকদের একটি বিশেষ দল ইতিমধ্যেই চান্দেলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। যাঁদের শারীরিক অবস্থা তুলনামূলক স্থিতিশীল, তাঁদেরও পরীক্ষা করবেন ওই চিকিৎসকেরা। ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যের বিজেপি সরকার। বিষাক্ত মদ তৈরি ও বিক্রির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যে মদ খেয়ে এত মানুষের মৃত্যু ও অসুস্থতার ঘটনা ঘটেছে, সেটি মণিপুরের কাকচিং জেলার সুগনু থেকে আনা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে সুগনু থানা এলাকাতেই। কীভাবে ওই মদে বিষাক্ত উপাদান মিশল, তদন্তকারীরা তা জানার চেষ্টা করছেন।

এ দিকে, চান্দেল জেলা প্রশাসনের তরফে সাধারণ মানুষকে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের নির্দেশিকায় জানানো হয়েছে, বমি, পেটে ব্যথা, মাথাব্যথা, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে কোনওভাবেই দেরি করা চলবে না। দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। এমনকি বিষমদ পান করার পর আপাতত কোনও উপসর্গ দেখা না গেলেও স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এই ঘটনায় বিষমদের উৎস ও সরবরাহ চক্রের সন্ধানে তদন্ত চালাচ্ছে প্রশাসন।


Share