Death

রাগের মাথায় তিনতলা থেকে গ্যাসের সিলিন্ডার ছুড়ে ফেললেন যুবক, মাথায় পড়ে মৃত্যু পথচারীর

সিলিন্ডার এসে তাঁর মাথায় আঘাত করে। গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। পরে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৬ ০৬:২৭

রাগের বশে তিনতলা থেকে গ্যাসের সিলিন্ডার ছুড়ে ফেলেছিলেন এক যুবক। আর সেই সিলিন্ডারই নীচে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির মাথায় পড়ে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মৃত্যু হয়েছে সাহিল নামে ওই যুবকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম দিল্লির বিন্দাপুর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাহিল ওয়ালা পার্ক এলাকার বাসিন্দা। রাধিকা অ্যাপার্টমেন্টের একতলায় মা, স্ত্রী এবং দেড় বছরের ছেলেকে নিয়ে থাকতেন তিনি। শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ আবাসনের সামনেই সাহিল দাঁড়িয়েছিলেন। সেই সময় আচমকাই উপর থেকে একটি গ্যাসের সিলিন্ডার এসে তাঁর মাথায় আঘাত করে। গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। পরে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় পুলিশ আবাসনের তিনতলার বাসিন্দা শিবম শর্মাকে গ্রেফতার করেছে। ২৪ বছর বয়সি শিবম একটি কারখানায় পোশাক সেলাইয়ের কাজ করেন। তাঁর মা একটি সংস্থায় ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন। পুলিশ জানতে পেরেছে, শুক্রবার সকাল থেকেই শিবম মদ্যপান করছিলেন। আবাসনের পার্কিং লটে অন্য এক বাসিন্দার সঙ্গে তাঁর বচসা হয়। সেই বিবাদের পরেই রাগের মাথায় তিনতলার ফ্ল্যাটে ফিরে গিয়ে তিনি গ্যাসের সিলিন্ডারটি নীচে ছুড়ে ফেলেন। আর তার জেরেই সাহিল প্রাণ হারান।

দ্বারকার ডিসিপি কুশল পাল সিং জানিয়েছেন, পার্কিং লটে অন্য এক আবাসিকের সঙ্গে বচসার জেরেই এই ঘটনা। রাগের মাথায় তিনতলা থেকে সিলিন্ডার ছুড়ে ফেলেছিলেন অভিযুক্ত। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ নম্বর ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি তদন্তকারীরা এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছেন।


Share