Murder Case

বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে দাম্পত্য কলহ! স্ত্রীকে খুন করে ধর্ষণের ঘটনা সাজানোর চেষ্টা মালদহের পরিযায়ী শ্রমিকের

বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে খুন করে ধর্ষণের ঘটনা সাজানোর চেষ্টা করেন মালদহের পরিযায়ী শ্রমিক জাহাদুর ইসলাম।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৬ ০২:০২

পঞ্জাবে নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠল মালদহের এক পরিযায়ী শ্রমিকের বিরুদ্ধে। স্ত্রীকে গলা টিপে খুন করার পর তাঁর বিবস্ত্র দেহ আখের খেতে ফেলে রেখে গিয়েছিলেন স্বামী। পুলিশের চোখে ধুলো দিতে এবং খুনের ঘটনাকে ধর্ষণ বলে চালানোর উদ্দেশ্যেই এমন কৌশল নিয়েছিলেন বলে সন্দেহ তদন্তকারীদের। ঘটনায় অভিযুক্ত জাহাদুর ইসলামকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ। পুলিশের দাবি, বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে সন্দেহ এবং দাম্পত্য কলহের জেরেই স্ত্রী রবিনা খাতুনকে খুন করেছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাহাদুর ইসলাম ও রবিনা খাতুন দু’জনেই পঞ্জাবের হোশিয়ারপুর জেলার মুকেরিয়ানের মাদিনপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁদের আদি বাড়ি মালদহে। পেশায় তাঁরা সাফাইকর্মী ছিলেন। তদন্তকারীদের দাবি, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত থাকার সন্দেহে মাঝেমধ্যেই স্ত্রীর সঙ্গে অশান্তি করতেন জাহাদুর। এমনকি তাঁকে মারধরও করা হত বলে অভিযোগ।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, কয়েক দিন আগে নর্দমা পরিষ্কারের কাজ সেরে স্বামী-স্ত্রী গ্রামের একটি পুকুরের ধারে গিয়েছিলেন। সেখানেই গামছা দিয়ে রবিনার গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করেন জাহাদুর। এর পর স্ত্রীর দেহ টেনে নিয়ে যান পাশের একটি আখের খেতে। সেখানে দেহটি বিবস্ত্র করে ফেলে রেখে বাড়ি ফিরে যান তিনি। খুনের ঘটনাকে ধর্ষণের ঘটনা বলে সাজাতেই এই পদক্ষেপ বলে মনে করছেন তদন্তকারীরা।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ঘটনার পরের দিন নিজের শ্যালক তথা বিহারের বাসিন্দা সোহেল আলিকে ফোন করেন জাহাদুর। স্ত্রী নিখোঁজ বলে জানান তাঁকে। খবর পেয়ে মাদিনপুর গ্রামে পৌঁছন সোহেল এবং রবিনার পরিবারের অন্য সদস্যরা। কিন্তু রবিনার কোনও খোঁজ পাওয়া যায়নি। জাহাদুরের কথাবার্তায় একাধিক অসঙ্গতি ধরা পড়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন পরিবারের সদস্যরা। সেই জেরাতেই খুনের কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

ইতিমধ্যেই আখের খেত থেকে রবিনার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত জাহাদুরকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।


Share