Online Payment

ইউপিআই-এ বড় বদল ১৫ অক্টোবর থেকে, দু'হাজারের বেশি ব্যবসায়িক লেনদেনে বসছে এমডিআর, সর্বোচ্চ মাশুল ৩০০ টাকা

পাশাপাশি, দু'হাজার টাকা পর্যন্ত সমস্ত ইউপিআই লেনদেনেও কোনও মাশুল দিতে হবে না। মঙ্গলবার সন্ধ্যায় বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৩

আগামী ১৫ অক্টোবর থেকে ইউপিআইয়ের নির্দিষ্ট কিছু ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালু করা হবে। তবে এই মাশুল শুধুমাত্র ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সাধারণ গ্রাহকদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যেই থাকবে। পাশাপাশি, দু'হাজার টাকা পর্যন্ত সমস্ত ইউপিআই লেনদেনেও কোনও মাশুল দিতে হবে না। মঙ্গলবার সন্ধ্যায় বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)।

মঙ্গলবার ইউপিআই লেনদেনের নিয়ন্ত্রক সংস্থা মার্চেন্ট ডিসকাউন্ট রেটের নতুন কাঠামো প্রকাশ করেছে। সেই কাঠামো অনুযায়ী, দু'হাজার টাকার বেশি মূল্যের ব্যবসায়িক লেনদেনে ০.৪ শতাংশ হারে এমডিআর ধার্য করা হবে। তবে এই মাশুলের প্রভাব সাধারণ গ্রাহকদের ইউপিআই ব্যবহারে পড়বে না। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফেও স্পষ্ট করা হয়েছে, গ্রাহকদের জন্য ইউপিআই লেনদেন বিনামূল্যেই থাকবে।

নতুন নিয়ম অনুযায়ী, কিউআর কোডের মাধ্যমে প্রতি মাসে এক লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা ছোট ব্যবসায়ীদের কোনও মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) দিতে হবে না। তবে নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে লেনদেনের অঙ্ক অনুযায়ী মাশুল ধার্য করা হবে। রেল, টেলিকম, বিমা, জ্বালানি এবং কৃষি উপকরণের মতো নির্দিষ্ট ক্ষেত্রে দু'হাজার টাকার বেশি প্রতিটি ইউপিআই লেনদেনে পাঁচ টাকা এমডিআর দিতে হবে। অন্য দিকে, উচ্চমূল্যের পিয়ার-টু-মার্চেন্ট  লেনদেনে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত মাশুল ধার্য হতে পারে। ৭৫ হাজার টাকা বা তার বেশি মূল্যের লেনদেনের ক্ষেত্রেও প্রতি লেনদেনে এমডিআরের ঊর্ধ্বসীমা ৩০০ টাকা রাখা হয়েছে। এই কমিশন ব্যাঙ্ক, পেমেন্ট অ্যাপ এবং অন্যান্য পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থার মধ্যে ভাগ হবে।

এ ছাড়াও, মিউচুয়াল ফান্ড, সিকিউরিটিজ, স্টক ব্রোকার এবং ডিলারদের পেমেন্টের ক্ষেত্রে ০.০২ শতাংশ হারে নামমাত্র এমডিআর ধার্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই ক্ষেত্রেও মাশুলের সর্বোচ্চ সীমা ৩০০ টাকা। পিআইবি সূত্রে এই তথ্য জানা গিয়েছে। তবে সাধারণ গ্রাহকের জন্য দু'হাজার টাকা পর্যন্ত ইউপিআই লেনদেনে কোনও মাশুল থাকছে না। ইউপিআই পরিষেবার মাশুল নিয়ে বিতর্কের মধ্যেই কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এ বিষয়ে আগেই স্পষ্ট করেছে তাদের অবস্থান। সোমবার, ১৪ সেপ্টেম্বর জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দু'হাজার টাকা পর্যন্ত ইউপিআই লেনদেন এবং রুপে ডেবিট কার্ডের মাধ্যমে অর্থপ্রদানের ক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে কোনও অতিরিক্ত মাশুল নেওয়া যাবে না। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ধরনের ইলেকট্রনিক পেমেন্টের জন্য ব্যাঙ্ক বা পেমেন্ট সিস্টেম প্রদানকারী সংস্থা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোনও মাশুল ধার্য করতে পারবে না।


Share    

UPI