Pan Masala Advertisement

পান মশলার পরোক্ষ প্রচারের অভিযোগ! শাহরুখ-অজয়-টাইগারকে নোটিশ মহারাষ্ট্র এফডিএ-র, ১৫ দিনের মধ্যে জবাবের দিতে নির্দেশ

অভিযোগ, এলাচের বিজ্ঞাপনের আড়ালে আসলে পান মশলারই প্রচার করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে তিন অভিনেতাকে শোকজ নোটিশ পাঠিয়েছে মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ামক সংস্থা (এফডিএ)।

পান মশলার পরোক্ষ প্রচারের অভিযোগে আইনি নোটিশ পেলেন বলিউডের তিন অভিনেতা।
নিজস্ব সংবাদদাতা, মহারাষ্ট্র
  • শেষ আপডেট: ১৬ আগস্ট ২০২৬ ০৩:৩৯

পান মশলার পরোক্ষ প্রচারের অভিযোগে এ বার আইনি নোটিশ পেলেন বলিউডের তিন অভিনেতা শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ। একটি নামী সংস্থার এলাচের বিজ্ঞাপনে তিন অভিনেতাকেই দেখা গিয়েছে। অভিযোগ, এলাচের বিজ্ঞাপনের আড়ালে আসলে পান মশলারই প্রচার করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে তিন অভিনেতাকে শোকজ নোটিশ পাঠিয়েছে মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ামক সংস্থা (এফডিএ)। ঘটনাচক্রে, বর্তমানে মহারাষ্ট্র এফডিএ-র প্রধান পদে রয়েছেন তুকারাম মুন্ডে।

খাদ্য নিরাপত্তা নিয়ে এর আগেও একের পর এক রেস্তরাঁ, হোটেল ও খাবারের দোকানে তল্লাশি চালিয়ে তুকারাম মুন্ডে নজর কেড়েছেন। এ বার তাঁর দফতর থেকেই পান মশলার পরোক্ষ প্রচারের অভিযোগে বলিউডের তিন অভিনেতাকে নোটিশ পাঠানো হল। উল্লেখ্য, মহারাষ্ট্রে তামাক ও নিকোটিনযুক্ত গুটখা এবং পান মশলার বিক্রি নিষিদ্ধ।

সূত্রের খবর, গত ১১ অগস্ট মহারাষ্ট্রের খাদ্য নিয়ামক সংস্থার প্রধান তুকারাম মুন্ডে এই নোটিশ জারি করেন। বিজ্ঞাপনটি থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়ে তিন অভিনেতাকেই নোটিশ পাঠানো হয়েছে। তামাকজাত দ্রব্য ও পান মশলার বিক্রি এবং প্রচার বন্ধ করতে রাজ্য সরকার ইতিমধ্যেই পদক্ষেপ করেছে। এর মধ্যেই তিন তারকার বিরুদ্ধে ওই বিজ্ঞাপনের মাধ্যমে পরোক্ষে পান মশলার প্রচারের অভিযোগ ওঠায় এফডিএ আইনি পদক্ষেপ করল। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফকে জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তাঁদের বিরুদ্ধে আরও আইনি পদক্ষেপ করা হতে পারে বলে সূত্রের খবর।

ওই বিজ্ঞাপনে তিন অভিনেতার ভূমিকা কী, নোটিসে তা-ও ব্যাখ্যা করতে বলা হয়েছে বলে সূত্রের খবর। এফডিএ-র অভিযোগ, এলাচের বিজ্ঞাপনের আড়ালে পরোক্ষ ভাবে পান মশলার প্রচার করা হচ্ছে। যা ২০০৬ সালের খাদ্য সুরক্ষা আইন লঙ্ঘনের শামিল বলে দাবি নিয়ামক সংস্থার।

উল্লেখ্য, ২০১২ সাল থেকেই মহারাষ্ট্রে গুটখা ও পান মশলা নিষিদ্ধ। এফডিএ কমিশনারের দায়িত্ব নেওয়ার পর থেকেই পান মশলা ও তামাকজাত পণ্যের বিক্রি এবং প্রচারের বিরুদ্ধে তুকারাম মুন্ডে একাধিক কড়া পদক্ষেপ করেছেন। এ বার তাঁর নজর এড়ালেন না বলিউডের এই তিন তারকাও।


Share