Maharashtra Diwali Fire Tragedy

দীপাবলির রাতে মুদিখানায় আগুন, মুহূর্তে ছড়াল পাশের বাড়িতে! মহারাষ্ট্রে একই পরিবারের ৬ জনের মর্মান্তিক মৃত্যু

দীপাবলির রাতে মহারাষ্ট্রে মুদিখানার আগুন ছড়িয়ে পড়ে বাড়িতে, অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ছয় সদস্যের মর্মান্তিক মৃত্যু।

মহারাষ্ট্রে মুদিখানায় ভয়াবহ আগুন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ ০৬:২০

দীপাবলির উৎসবের রাতেই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল একই পরিবারের ছয় সদস্যের। মহারাষ্ট্রের ধারাশিব জেলার ইয়েদশি গ্রামে একটি মুদিখানার দোকানে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের বাড়িতে। সেই আগুনের গ্রাসেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় পরিবারের ছয় জনের। মৃতদের মধ্যে রয়েছেন দুই প্রবীণ সদস্য, এক দম্পতি এবং দুই নাবালিকা। প্রাথমিক অনুমান, দোকানে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোররাত আড়াইটে নাগাদ ইয়েদশি গ্রামের ওই মুদিখানার দোকানে আগুন লাগে। দোকানে প্রচুর পরিমাণে রান্নার তেল ও ঘি মজুত থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে দোকান সংলগ্ন একটি বাড়িতে। সেই সময় বাড়ির বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। আগুনের আঁচ টের পেয়ে ঘুম ভাঙলে প্রাণ বাঁচাতে বাইরে বেরোনোর চেষ্টা করেন তাঁরা। কিন্তু আগুনের তীব্রতায় বাড়ি থেকে বেরোতে না পেরে চিৎকার শুরু করেন পরিবারের সদস্যরা।

তাঁদের আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত আগুন নেভানোর চেষ্টা শুরু করেন তাঁরা। খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। বাড়ির ভিতর থেকে ছয় জনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু চিকিৎসকেরা প্রাথমিক পরীক্ষার পর প্রত্যেককেই মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন ত্রিম্বক কারান্দে (৭৫), চন্দ্রকলা উত্তম কারান্দে (৭০), গোবিন্দ উত্তম কারান্দে (৪৭), জ্যোতি গোবিন্দ কারান্দে (৪২), গায়ত্রী গোবিন্দ কারান্দে (১৬) এবং সিদ্ধি গোবিন্দ কারান্দে (১৬)। প্রত্যেকেই একই পরিবারের সদস্য। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য ধারাশিব সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, মুদিখানার দোকানে শর্ট সার্কিটের জেরেই আগুন লেগে থাকতে পারে। তবে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষ হলেই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সামনে আসবে বলে জানিয়েছে পুলিশ।


Share