Madhya Pradesh Diwali Fire

দীপাবলির রাতেই মধ্যপ্রদেশে জোড়া অগ্নিকাণ্ড, আগুনে ছারখার দুই পরিবার! মায়ের কোলেই দগ্ধ দু’মাসের শিশু, মৃত ১২

কাটনি ও সেওনি জেলার দু’টি পৃথক ঘটনা ঘটেছে। দু’ক্ষেত্রেই তিনতলা বাড়িতে আগুন লাগে। এর জেরে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে দু’টি পরিবার। মৃতদের মধ্যে মহিলা, শিশু এবং প্রবীণরাও রয়েছেন।

মধ‍্যপ্রদেশে অগ্নিদগ্ধ হয়ে ১২ জনের মৃত্যু।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ ০১:১৭

দীপাবলির উৎসবের রাত পরিণত হল ভয়াবহ শোকে। আলোর উৎসবের মধ্যেই মধ্যপ্রদেশের দুই পৃথক জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন একই পরিবারের মোট ১২ জন সদস্য। কাটনি ও সেওনি জেলার দু’টি তিনতলা বাড়িতে আগুন লেগে কার্যত নিশ্চিহ্ন হয়ে গেল দু’টি পরিবার। মৃতদের মধ্যে রয়েছেন মহিলা, শিশু এবং প্রবীণরাও। সবচেয়ে মর্মান্তিক ঘটনা কাটনিতে, যেখানে মায়ের কোলেই দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে মাত্র দু’মাসের এক শিশুর।

কাটনিতে আগুনের গ্রাসে একই পরিবারের ছয় জন

প্রথম ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের কাটনি জেলার বারহি শহরে। সেখানে একটি তিনতলা বাড়ির একতলায় থাকা বাসনের দোকানে রাতের দিকে আগুন লাগে। বাড়ির নীচের তলায় প্রচুর দাহ্য সামগ্রী মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সেই সময়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকায় আগুন ও ঘন ধোঁয়ার মধ্যে আটকে পড়েন তাঁরা। বাইরে বেরিয়ে আসার সুযোগও পাননি।

এই ঘটনায় মৃত্যু হয়েছে ৭৭ বছরের ব্যবসায়ী পূরণ আগরওয়াল, তাঁর স্ত্রী চন্দ্রকলা (৭৪), পুত্রবধূ পুনম, নাতনি আর্যা (১৪) ও অন্বি (৬) এবং মাত্র দু’মাসের এক শিশুর। প্রত্যক্ষদর্শীদের দাবি, মায়ের কোলেই দগ্ধ হয় শিশুটি।

রাত সাড়ে ১২টা নাগাদ আগুন লাগার খবর পায় প্রশাসন। রাত পৌনে ১টা নাগাদ দমকল পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ভোর সাড়ে ৪টে নাগাদ পূরণ আগরওয়ালকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। বাকি পাঁচ জনের দেহ উদ্ধার করতে বাড়ির একটি দেওয়াল জেসিবি দিয়ে ভাঙতে হয়। সকাল সাড়ে ৬টা নাগাদ তাঁদের উদ্ধার করা সম্ভব হয়। কাটনির কালেক্টর আশিস তিওয়ারি জানিয়েছেন, প্রদীপের আগুন নাকি শর্ট সার্কিট, কী থেকে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সেওনিতেও আগুনে মৃত্যু একই পরিবারের ছয় জনের

অন্যদিকে, সেওনি জেলার ছাপারা শহরের মহাবীর ওয়ার্ডেও একই রকম মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্থানীয় জৈন মন্দিরের কাছে স্বর্ণ ব্যবসায়ী কুন্দন লাল সোনির তিনতলা বাড়িতে সোমবার ভোর ৪টে থেকে সাড়ে ৪টের মধ্যে আগুন লাগে। সেই সময়ে বাড়িতে মোট ১০ জন উপস্থিত ছিলেন। খবর পেয়ে পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় বাসিন্দারাও জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত চার জনকে জীবিত উদ্ধার করা গেলেও বাঁচানো যায়নি বাকি ছ’জনকে।

মৃতদের মধ্যে রয়েছেন কুন্দন লাল সোনি (৭৫), তাঁর স্ত্রী রাজকুমারী (৬৫), রিতু (৪২), স্মৃতি (৪০), সূর্য (৪৫) এবং আদিত্য (১৬)। পুলিশের সাব-ডিভিশনাল অফিসার অপূর্ব ভালাভি জানিয়েছেন, দমকল ও উদ্ধারকারী দলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

দুটি পৃথক অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। তবে দীপাবলির আনন্দের মাঝেই ১২ জনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মধ্যপ্রদেশের দুই এলাকায়।


Share