Cockroach Janata Party

সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট নোটিস, পাসপোর্টের ‘অসঙ্গতি’ নিয়ে নাগরিকত্বেও প্রশ্ন কেন্দ্রের

বৃহস্পতিবার আদালতে কেন্দ্রের দাবি, সৌরভের পাসপোর্টে থাকা কিছু ‘অসঙ্গতি’ তাঁর নাগরিকত্বের উপরেও প্রভাব ফেলতে পারে। যদিও পাসপোর্ট বাতিল বা বাজেয়াপ্ত করার কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলেই জানিয়েছে কেন্দ্র।

ককরোচ নেতা সৌরভ দাস।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ ০৪:৩৪

ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাসের বিদেশযাত্রা ঘিরে জটিলতা আরও বাড়ল। এ বার তাঁর বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারির কথা দিল্লি হাই কোর্টে জানাল কেন্দ্র। বৃহস্পতিবার আদালতে কেন্দ্রের দাবি, সৌরভের পাসপোর্টে থাকা কিছু ‘অসঙ্গতি’ তাঁর নাগরিকত্বের উপরেও প্রভাব ফেলতে পারে। যদিও পাসপোর্ট বাতিল বা বাজেয়াপ্ত করার কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলেই জানিয়েছে কেন্দ্র।

গত সোমবার রাতে দিল্লি থেকে লন্ডনগামী বিমানে ওঠার কথা ছিল সৌরভের। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন বলে দাবি তাঁর। সেই উদ্দেশ্যেই লন্ডন যাচ্ছিলেন তিনি। কিন্তু রাত ১টার বিমানে ওঠার আগেই দিল্লি বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়া হয়। সৌরভের অভিযোগ, ইমিগ্রেশন চেকপয়েন্টে পৌঁছনোর পর তাঁকে জানানো হয়, তাঁর পাসপোর্ট ‘ফ্ল্যাগ’ করা রয়েছে।

এই ঘটনার প্রতিবাদে ককরোচ জনতা পার্টির মুখপাত্র বুধবার দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ, প্রশাসন বেআইনি ভাবে বিদেশযাত্রায় বাধা দিচ্ছে। বৃহস্পতিবার বিচারপতি অমিত মহাজনের বেঞ্চে মামলাটির শুনানি হয়। সেখানেই কেন্দ্র জানায়, গত রবিবার রাতে মহারাষ্ট্র পুলিশ সৌরভের বিরুদ্ধে একটি লুকআউট সার্কুলার জারি করেছে। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁকে এ বিষয়ে আবেদন জানাতে হবে। ‘লাইভ ল’-এর প্রতিবেদন অনুযায়ী, সৌরভের আইনজীবী ওই নোটিসের প্রতিলিপি চাইলেও তা দিতে অস্বীকার করেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল।

এর আগে মঙ্গলবার সরকারি সূত্রে দাবি করা হয়েছিল, সৌরভের পাসপোর্টে জন্মস্থান সংক্রান্ত তথ্যে অসঙ্গতি রয়েছে। এ বিষয়ে চেন্নাইয়ের পাসপোর্ট অফিস থেকে তাঁকে শো-কজ় নোটিসও পাঠানো হয়েছিল। কিন্তু সেই নোটিসের জবাব তিনি দেননি বলে অভিযোগ।

বৃহস্পতিবার আদালতে সৌরভের আইনজীবী জানান, শো-কজ় নোটিসে তাঁর মক্কেলের জন্মস্থান সংক্রান্ত তথ্য ভুল এবং গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে পাসপোর্ট সংগ্রহের অভিযোগ তোলা হয়েছে। এই অভিযোগের সমর্থনে প্রয়োজনীয় নথি প্রকাশ করে বিষয়টি স্পষ্ট করা উচিত বলে দাবি করেন তিনি। অন্যথায় সৌরভের পাসপোর্ট বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও আদালতে জানান তাঁর আইনজীবী।

অন্য দিকে, কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান, সৌরভ পাসপোর্টের আবেদনপত্রে বাবার নামের জায়গাটি ফাঁকা রেখেছিলেন। তাঁর জন্মস্থান, ঠিকানা এবং বাবা-মায়ের পরিচয় যাচাই করতে গত ২০ অগস্ট পুদুচেরির এসএসপি অনুসন্ধান শুরু করেন। কেন্দ্রের বক্তব্য, পাসপোর্টের এই অসঙ্গতি সৌরভের নাগরিকত্বের উপরেও প্রভাব ফেলতে পারে।

তবে কেন্দ্রের আইনজীবী স্পষ্ট করেছেন, পাসপোর্ট অফিস থেকে পাঠানো শো-কজ় নোটিসে পাসপোর্ট বাতিল বা বাজেয়াপ্ত করার কথা বলা হয়নি। সংশ্লিষ্ট নোটিসের জবাব দেওয়ার জন্যই সৌরভকে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে লুকআউট সার্কুলার এবং পাসপোর্ট সংক্রান্ত বিতর্কে আপাতত আদালতের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রয়েছে।


Share    

CJP