Islamic Terrorist Arrested

বাংলাদেশে বসে ভারতে হামলার ছক, দিল্লি পুলিশের হাতে গ্রেফতার লস্কর-ই-তৈয়বার সদস্য সাব্বির আহমেদ লোন

সূত্রের খবর, বাংলাদেশে ডেরা ছিল লোনের। সেখানে বসেই লস্করের হয়ে ভারত-বিরোধী কাজকর্ম চালাত। আর সবটাই করত পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নির্দেশে।

সাব্বির আহমেদ লোন।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ০৬:২৮

ফের ভারতে হামলা চালানোর ছক। বাংলাদেশে বসে হামলার ছক কষছিলেন পাকিস্তানের ইসলামিক জঙ্গি সংগঠনের লস্কর-ই-তৈয়বার এক সদস্য। নাম সাব্বির আহমেদ লোন। দিল্লি পুলিশের তাকে গ্রেফতার করেছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে দিল্লি পুলিশের বিশেষ শাখা তাকে গ্রেফতার করেছে। সাব্বির ওরফে রাজা আদতে কাশ্মীরের শ্রীনগরের কাঙ্গানের বাসিন্দা বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, বাংলাদেশে ডেরা ছিল লোনের। সেখানে বসেই পাকিস্তানের ইসলামিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার হয়ে ভারত-বিরোধী কাজকর্ম চালাত। পুলিশ সূত্রের খবর, সবটাই পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নির্দেশে করত। অভিযোগ, বাংলাদেশে বসে সেখানকার তরুণদের বিভ্রান্ত করে লস্করের হয়ে জঙ্গি কার্যকলাপের নিয়োগ করত। ভারতে যে বাংলাদেশের নাগরিকেরা বেআইনি ভাবে বসবাস করত, তাদেরও সন্ত্রাসের কাজে লাগাত লোন।

দিন কয়েক আগে লস্কর-ই-তৈয়বার সঙ্গে যুক্ত একটি ইসলামিক জঙ্গি গোষ্ঠীর সদস্যদের ধরতে অভিযান চালায় পুলিশ এবং গোয়েন্দারা। ওই গোষ্ঠী দিল্লি এবং আশপাশের এলাকায় সক্রিয় ছিল। সূত্রের খবর, ওই গোষ্ঠী দিল্লি এবং কলকাতার বিভিন্ন এলাকায় দেশ-বিরোধী পোস্টার লাগিয়েছিল। সেই গোষ্ঠীর সূত্র ধরেই লোনকে গ্রেফতার করা হয়েছে।

গোয়েন্দাদের সূত্র বলছে, দু’দশকের বেশি সময় ধরে পাকিস্তানের ইসলামিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সঙ্গে যোগ রয়েছে লোনের। মুজাফরাবাদে জঙ্গি শিবিরে তার প্রশিক্ষণ হয়েছিল বলেও খবর। ‘দওড়া-এ-আম’ (প্রাথমিক) এবং ‘দওড়া-এ-খাস’ (উচ্চ পর্যায়ের)— দু’ধরনের প্রশিক্ষণই তার হয়েছিল। ২০০৭ সালে অস্ত্র-সহ লোনকে প্রথম বার গ্রেফতার করা হয়েছিল। তার কাছ থেকে একে-৪৭-এর মতো অস্ত্রও উদ্ধার করা হয়েছিল। আধিকারিকেরা জানিয়েছিলেন, লস্কর কমান্ডার জাকি-উর-রহমান লাকভি, জামাত-উদ-দাওয়া এবং ২৬ নভেম্বরের মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদের সঙ্গে যোগ ছিল সাব্বিরের।

২০১৮ সাল পর্যন্ত তিহাড় জেলে ছিল সাব্বির। তার পরে জামিনে ছাড়া পায়। গোয়েন্দা সূত্র বলছে, তার পরে সাব্বির বাংলাদেশে চলে যায়। সেখানে ইসলামিক জঙ্গি সংগঠন লস্করের হয়ে নেটওয়ার্ক গড়ে তোলে। সদস্যদের নিয়ে ভারতে হামলার ছক কষে। পাকিস্তানের হ্যান্ডলারদের সঙ্গেও যোগাযোগ রাখত সাব্বির। এখন তাকে জেরা করছে পুলিশ। ভারতে কোথায় কোথায় তাদের হামলার ছক ছিল, সঙ্গে কারা ছিল, তা জানার চেষ্টা করা হচ্ছে বলে খবর।


Share